ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির কারণে বাংলাদেশ জাতীয় দল ও 'এ' দলের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক সাকিব আল হাসানের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২৪২ রান করে জাতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ২ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে ৮ রান করে 'এ' দল। এর পর দফায় দফায় বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
জাতীয় দলের ৮ জন ব্যাটসম্যান দু'অঙ্কে পৌঁছলেও অর্ধশতক পেয়েছেন একা সাকিব। ৫৫ রান আসে সাকিবের ব্যাট থেকে। তিনি তার ৭১ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ১টি ছয় দিয়ে।
চতুর্থ উইকেটে সাকিব ও রকিবুল হাসান যোগ করেন ৬৮ রান। এটাই জাতীয় দলের পালার সর্বোচ্চ রানের জুটি। রকিবুল করেন ৩৯ রান। তার ৫৬ বলের ইনিংসে চার রয়েছে ৩টি।
৭ নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা মুশফিকুর রহীম খেলেছেন ৩৭ রানের দারুণ এক ইনিংস। ৩৬ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা হাঁকান।
এছাড়া ইমরুল কায়েস ১৮, মাহমুদুল্লাহ রিয়াদ ১৬, অলক কাপালী ১১ ও মাশরাফি বিন মর্তুজা ১২ রান করেন।
১৩ রানে অপরাজিত ছিলেন সোহরাওয়ার্দী শুভ। ২ রানে শফিউল ইসলাম।
'এ' দলের সৈয়দ রাসেল ৪ উইকেট নেন ৪৮ রানে।
২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে 'এ' দলের শুরুটা মোটেও ভালো হয়নি। যে ১৭ বল খেলা হয়েছে তাতে ৮ রান তুলতেই উদ্বোধনী ব্যাটসম্যান নাজিম উদ্দিন (৬) ও জুনায়েদ সিদ্দিককে হারায় তারা।
তৃতীয় ওভারের চতুর্থ বলে নাজিম ও পরের বলেই জুনায়েদকে বিদায় করে দিয়ে হ্যাট্রিটের সম্ভাবনা জাগিয়ে তোলেন শফিউল। কিন্তু জুনায়েদের বিদায়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেলে আর কোনো বল মাঠে গড়ায়নি।
জাতীয় দলের হয়ে দ্বিতীয় ওভারটি করেন মাশরাফি।
১ এপ্রিল দু'দল দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে একই মাঠে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের 'হোম সিরিজ'কে সামনে রেখে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ তিনটি হবে ৯, ১১ ও ১৩ এপ্রিল।
অস্ট্রেলিয়া দল ঢাকায় আসবে ৪ এপ্রিল।
অন্যদিকে 'এ' দল ৪ এপ্রিল যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ২টি চার দিনের ও ৫টি একদিনের ম্যাচ খেলবে তারা।
ছুটিতে থাকা তামিম ইকবাল এখনো দলে যোগ দেননি। অন্যদিকে অসুস্থতার কারণে খেলেননি মোহাম্মদ আশরাফুল। দলের কোচ সারওয়ার ইমরান আশা করছেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশরাফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৩৭ ঘ.
bdnews24