২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক ক্লার্ক, দলে আছেন পন্টিং

মাইকেল ক্লার্ককে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য বুধবার ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইকেল ক্লার্ককে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য বুধবার ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক পদ থেকে মঙ্গলবার সরে দাঁড়ানো রিকি পন্টিং এই সফরে দলে জায়গা পেয়েছেন। সহ-অধিনায়ক করা হয়েছে শেন ওয়াটসনকে। সফরে তিনটি এক দিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের সদস্য ডেভিড হাসি, জেসন ক্রেজা ও শন টেইট বাংলাদেশ সফরে আসছেন না। তাদের বদলে দলে জায়গা পেয়েছেন জাভিয়ার ডোয়ার্টি ও জেমস প্যাটিনসন। সদ্য জন্ম নেয়া কন্যাকে সঙ্গ দিতে ডেভিড হাসি দেশে থেকে গেছেন। আর চোট কাটিয়ে দলে ফেরা জাভিয়ার ডোয়ার্টিকে জায়গা দিতে সরে যেতে হয়েছে জ্যাসন ক্রেজাকে। শন টেইটের জায়গায় দলে ঢুকেছেন জেমস প্যাটিনসন। টেইট বিশ্বকাপের পর পরই এক দিনের ক্রিকেটকে বিদায় জানান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম খেলা ৯ এপ্রিল। দ্বিতীয় ও তৃতীয় খেলাটি হবে যথাক্রমে ১১ ও ১৩ এপ্রিল। দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন (সহ-অধিনায়ক), জাভিয়ার ডোয়ার্টি, কালাম ফার্গুসন, ব্রড হ্যাডিন (উইকেটরক্ষক), জন হ্যাস্টিংস, মাইক হাসি, মিচেল জনসন, ব্রেট লি, টিম পেইন, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং, স্টিফেন স্মিথ ও ক্যামেরন হোয়াইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৫৪৫ ঘ.