ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শক্তির বিচারে ভারত ও পাকিস্তানের মধ্যে খুব একটা পার্থক্য নেই বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে ভারত হয়তো এগিয়ে থাকবে। তারপরও আমি বলবো, খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ এ দু'দেশের মোকাবেলা মানেই অন্যরকম একটা উত্তেজনা। যেন যুদ্ধের চেয়েও বেশি কিছু।
তাই কোনো দলকেই খুব বেশি এগিয়ে রাখা যায় না। দু'দলেরই জয়ের সম্ভাবনা প্রবল। তাই এ খেলাটিকে বলবো, ফাইনালের আগে আরেক ফাইনাল।
কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ এক জয়ে পাকিস্তান দল এখন বেশ ফুরফুরে মেজাজে। তেমনি বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের আত্মবিশ্বাসও এখন চূড়ায়। অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা যেন একটি ফাইনাল জিতেই গেছে।
ভারতের শক্তির জায়গাটা হচ্ছে ব্যাটিং লাইন। তাদের ব্যাটিং বিভাগকে এ মুহূর্তে বিশ্বসেরা ব্যাটিং লাইন বললে ভুল হবে না। যে কোনো বোলিং আক্রমণের বিপক্ষে তারা বড় স্কোর গড়ার ক্ষমতা রাখে। তাদের ব্যাটিং লাইন এতটাই লম্বা যে হরভজন সিং পর্যন্ত ভালো ব্যাট করার ক্ষমতা রাখেন। তাছাড়া প্রত্যেক ব্যাটসম্যানই রানে আছেন।
বিশেষ করে যুবরাজ সিং এখন ফর্মের তুঙ্গে। গত কয়েকটি খেলায় তিনি এমন খেলেছেন, মনে হচ্ছে তিনিই ভারতের মূল ব্যাটসম্যান। বোলিংয়েও তিনি ভালো করেছেন।
আর শেবাগ ভালোভাবে শুরু করতে পারলে বোলারদের দিনটাই খারাপ যাবে। কারণ শেবাগ শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন। শেষ পর্যন্তও সেভাবে খেলে যান, এটা তার একটা বড় একটা গুণ।
আর শচীন টেন্ডুলকার যদি ভালো করতে পারেন, ভারতের ইনিংস তিনশ পার হবে। এটি হচ্ছে শচীনের শেষ বিশ্বকাপ। তার চেষ্টা থাকবে দলকে ভালো একটা অবস্থানে পৌঁছে দেওয়া। আর এ ম্যাচটি শচীনের জন্যও জেতা উচিত ভারতের। কারণ শচীন ভারতকে অনেক কিছুই দিয়েছেন।
জহির খান খুব ভালো করে যাচ্ছেন সত্য, কিন্তু পাকিস্তানের তুলনায় ভারতের বোলিং বিভাগও কিছুটা পিছিয়ে আছে। তবে একেবারেই দুর্বল বলা যাবে না। বিশেষ করে স্পিনাররা ভালো করে যাচ্ছেন। হরভজন সিংয়ের পাশপাশি রবীচন্দ্রন অশ্বিন খুবই ভালো করেছেন।
পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী বিভাগ হচ্ছে, তাদের বোলিং লাইন। অধিনায়ক শহিদ আফ্রিদি তো এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তার পাশাপাশি আছেন আব্দুল রাজ্জাক, উমর গুল ও শোয়েব আখতার।
পাকিস্তানের ব্যাটিং বিভাগকেও খুব বেশি দুর্বল ভাবা যাবে না। মিডল অর্ডারে মিসবাহ উল হক, কামরান আকমল, উমর আকমল ভালো করে যাচ্ছেন। শহিদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাক সময় মতো দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। তবে আফ্রিদি বোলিংয়ে যতটা ভালো করছেন, ঠিক ততটাই খারাপ করছেন ব্যাটিংয়ে।
তবে তাদের সব চেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে ফিল্ডিং বিভাগ। আর এ কারণে পাকিস্তান বরাবরই প্রতিপক্ষকে ২০-৩০ রান বেশি দিতে হচ্ছে।
তারপর খেলাটিতে যে কোনো দল জিততে পারে। শক্তির বিচারে কেউ এগিয়ে থাকুক আর না থাকুক, এ খেলায় অন্তত কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দেবে না।
এ খেলা দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন হচ্ছে, তা একটা ভালো দিক। দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসে খেলটা দেখবেন। আমি বলবো, এটা ক্রিকেটেরই জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১০১০ ঘ.
bdnews24