ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলেই দলে জায়গা ধরে রাখতে চান অলক কাপালী। প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এই ইচ্ছার কথা বলেন কাপালী। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজকে সামনে রেখে মঙ্গলবার অনুশীলন শুরু করে বাংলাদেশ।
প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে ভালো খেলে আবারো জাতীয় দলে ফিরতে পেরে খুশি কাপালী।
বিশ্বকাপে ছিলেন ২৩ সদস্যের দলে। কিন্তু জায়গা পাননি ১৫ সদস্যের চূড়ান্ত দলে। এতে হতাশ হননি তিনি। ঘরোয়া লিগে মনযোগ দিয়ে খেলে গেছেন। আশা ছিল বিশ্বকাপের পর কোনো না কোনো সিরিজে দলে ফিরবেন তিনি।
এ প্রসঙ্গে কাপালী বলেন, "বিশ্বকাপ দলে না থাকায় খুব একটা খারাপ লাগেনি। আশা ছিল বিশ্বকাপের পর দলে ডাক পাবো। আর প্রথম সিরিজেই ডাক পাওয়ায় ভালো লাগছে।"
২০০৮ সালের সেপ্টেম্বরে নিজের শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আবারো তাদের বিপক্ষেই ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবছেন না কাপালী।
"জানতাম, আমাকে নতুন করেই শুরু করতে হবে। প্রমাণ দেয়ারও একটা ব্যাপার আছে," বলেন কাপালী
বাংলাদেশের মাঝের সারির ব্যাটসম্যানরা বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ। ঘরোয়া ক্রিকেটে মাঝের সারিতে সাফল্য পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী কাপালী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪৫ ঘ.
bdnews24