ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং এবারের বিশ্বকাপে হতাশাজনক ফলাফলের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছেড়েছেন। অসিদের বাংলাদেশ সফরের পাঁচ দিন আগে তার এ ঘোষণা এলো।
মঙ্গলবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে এক দিনের খেলা ও টেস্ট উভয় ক্ষেত্রে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন পন্টিং। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায় এমন সিদ্ধান্ত আসতে বাধ্য করেছে বলে জানান তিনি।
তবে ক্রিকেটকে বিদায় জানাননি টেস্ট ইতিহাসের সেরা অধিনায়ক। তিনি বলেন, "অস্ট্রেলিয়ার টেস্ট ও এক দিনের ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছে আমি। তবে দু'ধরনের 'ফরম্যাট'-এ ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে চাই।"
অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভবিষ্যত ভাবনাও তার পদত্যাগের পেছনে অন্যতম কারণ বলে তুলে ধরেন দুই বারের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক পন্টিং।
তিনি বলেন, "অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে সূদূরপ্রসারী চিন্তার পর আমার মনে হয়েছে, নতুন অধিনায়কের জন্য দায়িত্ব নেয়ার এটাই সঠিক সময়।"
কেউ পদত্যাগের জন্য বাধ্য করেছে কিনা, এমন প্রশ্নের উত্তর এক ফুঁৎকারে উড়িয়ে দেন পন্টিং, বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ই আমার পদত্যাগের মূল কারণ।
উত্তরসূরির প্রতি পূর্ণ সমর্থনের কথা আগেভাগে জানিয়ে তিনি বলেন, "আমার নতুন জীবন শুরু হলো আজ। ভবিষ্যত নিয়ে আমি খুবই আশাবাদী। নতুন অধিনায়কের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।"
অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে মাইকেল ক্লার্কের নাম ঘোষণা এখন শুধু সময়ের ব্যাপার। বুধবার (আগামীকাল) বাংলাদেশ সফরকারী অস্ট্রেলিয়া দল ঘোষণা করা হবে। ক্লার্ককে উত্তরসূরি ভাবছেন পন্টিংও। বললেন, "পরবর্তী অধিনায়ক হিসেবে ক্লার্ককেই আমার পছন্দ।"
দল খারাপ করায় বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পন্টিং। বিশ্বকাপে তার অদ্ভুত আচরণের কারণে বার বার সংবাদ মাধ্যমের পাতায় এসেছে তার খবর।
বিশ্বকাপের প্রথম ছয় খেলায় আশানরূপ রান না পাওয়া, জিম্বাবুয়ের বিপক্ষে রান আউট হওয়ার পর সাজঘরে ফিরে ব্যাট দিয়ে টিভি সেট ভাঙা অথবা কানাডার বিপক্ষে এক ক্যাচ লুফতে গিয়ে অফস্পিনার স্টিফেন স্মিথের সঙ্গে ধাক্কা খাওয়ার পর রাগে বল মাটিতে ছুড়ে মারা, এসব বিষয় সমালোচনার খোরাক যোগায়।
পন্টিংয়ের বিপক্ষে নিভু নিভু জ্বলতে থাকা আগুনে ঘি ঢেলেছিলো ডেইলি মিররের একটি খবর। তাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সদস্যের উদ্ধৃতি দিয়ে লেখা হয়- নির্বাচকরা তাকে বাংলাদেশ সফরে অধিনায়ক হিসেবে যদি ঘোষণা করে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সদস্যরা তার ভবিষ্যত নিয়ে আলোচনায় বসবে।
তবে সঙ্কটে সতীর্থদের সমর্থন ঠিকই পেয়েছেন পন্টিং। মাইকেল হাসি বলেছিলেন, অধিনায়ক পদের জন্য পন্টিংয়ের বিকল্প নেই। ভারতের বিপক্ষে ব্যাট হাতেই নাকি সব জবাব দেবেন তিনি।
ওই খেলায় পন্টিংয়ের সেঞ্চুরিতে হাসির কথা ফললেও সমালোচকদের মুখ বন্ধ হলো না। ভারতের কাছে হেরে ১৯৯২ সালের পর এ প্রথম বিশ্বকাপের ফাইনাল না খেলেই বিদায় নিলো অস্ট্রেলিয়া। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শিরোপা এনে দেওয়া পন্টিংয়ের হ্যাট্রিক শিরোপার স্বপ্নের হলো সমাধি।
অস্ট্রেলিয়াকে ৭৭ টেস্টে নেতৃত্ব দেন পন্টিং। ৪৮ খেলায় এনে দেন জয়, পরাজিত হন মাত্র ১৬টিতে। আর ১৩টি খেলায় কোনো ফলাফল আসেনি।
একদিনের ক্রিকেটে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া খেলেছে ২২৮ ম্যাচ। ৫০ বার হারলেও জয় এসেছে ১৬৪ খেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24