ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে অনিশ্চিত মুত্তিয়া মুরালিধরন। তবে মুরালিকে খেলার মতো সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
গ্র"প পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বড় জয়ের অন্যতম কারিগর ছিলেন মুরালি। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পরাস্ত করতে আবারো মুরালিই সাঙ্গাকারার তুরুপের তাস। তবে কোনো কারণে মুরালিকে না পেলেও সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন সাঙ্গাকারা।
"পরের খেলার জন্য তাকে রেখে দেয়া খুব বুদ্ধিমানের কাজ নয়। তাকে আমাদের প্রয়োজন মঙ্গলবারের গুরুত্বপূর্ণ খেলায়। তবে কোনো কারণে তাকে না পেলেও জেতার মতো যথেষ্ট শক্তিশালী দল আমরা।"
দুটি সম্পূর্ণ ভিন্ন চোটের কারণে অনিশ্চিত মুরালি। একটি চোট পান নিউজিল্যান্ডের বিপক্ষে গ্র"প পর্বের শেষ ম্যাচে । অন্য চোটটি পান ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে।
সাঙ্গকারা জানিয়েছেন মুরালির জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে শ্রীলঙ্কা। আর খেলোয়াড়রা প্রস্তুত সম্ভাব্য সব কিছুর জন্য।
"যদি শেষ পর্যন্ত তাকে (মুরালি) পাওয়া না যায় তা মেনে নিতে দল প্রস্তুত। তাকে ছাড়াই আমাদের ম্যাচটা জিততে হবে।"
ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের জয়ের পরেও কোনো ক্রিকেটার আত্মতুষ্টিতে ভুগছেন না বলে জানিয়েছেন সাঙ্গাকারা।
"আগের ম্যাচ দল খুব ভালো খেলেছে। আগামীকালও এর অন্যথা হওয়ার সুযোগ নেই। আমাদের চেষ্টা থাকবে সেরা ক্রিকেট খেলার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৬ ঘ.
bdnews24