ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালের উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক। ভারতের মোহালীতে ওই ম্যাচে খেলবে ভারত ও পাকিস্তান।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) এক কর্মকর্তা বলেন, "এটা আদর্শ ব্যাটিং উইকেট। আমার মনে হয় এখানে বল খুব একটা ঘুরবে না।"
পিসিএ'র ওই কর্মকর্তা বলেন, "২৮০ ওই উইকেটে লড়াই করার মত পুঁজি।'
মোহালী ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস প্রথমে ব্যাট করার পক্ষে।
গত পাঁচ বছরে মোহালী স্টেডিয়ামে নয়টি খেলার মধ্যে মাত্র দু'বার তিনশ'র উপরে রান হয়েছে। তার মধ্যে প্রথম বার ভারতের করা ৩২১ রান তাড়া করে ম্যাচ জিতেছিলো পাকিস্তান। দিন-রাতের ওই ম্যাচে ইউনুস খান ১১৭ রান করেছিলেন।
ওই নয়টি খেলার মধ্যে পাঁচটিতে প্রথমে ব্যাট করা দল জিতেছে। ২০০৯ সালের নভেম্বরের পর ওই স্টেডিয়ামে কোনো দিন-রাতের ম্যাচ হয়নি।
নয় ম্যাচে উইকেট নেয়ার দিক থেকে এগিয়ে পেসাররা। তারা নেন ১০৫ উইকেট। অন্যদিকে স্পিনাররা নেন ২৯টি উইকেট।
ভারত-পাকিস্তান ম্যাচে বড় চরিত্র হয়ে উঠতে পারে শিশির। গত কয়েক দিন ধরে মোহালীতে প্রচুর শিশির পড়ছে।
সব মিলিয়ে ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে জমজমাট এক লড়াইয়ের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৮১৯ ঘ.
bdnews24