২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন টেইট

একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার পেসার শন টেইট। ক্রিকেটকে একরকম বিদায় জানালেও দেশের হয়ে টি-টোয়েন্টি খেলবেন বলে জানান টেইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার পেসার শন টেইট। ক্রিকেটকে একরকম বিদায় জানালেও দেশের হয়ে টি-টোয়েন্টি খেলবেন বলে জানান টেইট। ভারতের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। এর পরই এই ঘোষণা দেন টেইট। ২৮ বছর বয়সী গতি তারকা টেইট গত দুই মৌসুমে জাতীয় দলের হয়ে বা ঘরোয়া লিগে টানা ৪ ওভারের বেশি বল করেননি। আনুষ্ঠানিকভাবে টেস্ট বা প্রথম শ্রেণীর ক্রিকেটকে এখনো বিদায় জানাননি তিনি। তবে জুলাইয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং তাকে অ্যাশেজ সিরিজ খেলার অনুরোধ জানালেও রাজি হননি টেইট। একদিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত সঠিক দাবি করে টেইট বলেন, "এ সিদ্ধান্ত আমি হাল্কাভাবে নেইনি। আর আমি বিশ্বাস করি এ সিদ্ধান্ত আমার ক্রিকেট ক্যারিয়ারকে প্রলম্বিত করতে সাহায্য করবে।" অস্ট্রেলিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে টানা খেলার মধ্যে থাকায় শরীরে তার প্রভাব পড়ছে বলে জানান টেইট। "সত্যি বলতে কি সারা বছর ধরে অস্ট্রেলিয়া বা সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলা আমার শরীর সহ্য করতে পারছে না। আমি চাই না কোনো ক্যারিয়ার বিনাশী চোট আমাকে অবসর নিতে বাধ্য করুক।" তবে টি-টোয়েন্টিতে খেলতে সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি। "আমার মনে হয় সংক্ষিপ্ত আকারের ক্রিকেটে আমি ভালো ভাবেই মানিয়ে নিতে পারবো। আমার লক্ষ্য ছিলো বিশ্বকাপ ধরে রাখা। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। তাই আমার মনে হয়েছে ভিন্ন সিদ্ধান্ত নেয়ার এটাই সঠিক সময়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৬৫৫ ঘ.