২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট খেলা দেখতে ভারতে যাবেন গিলানি

বিশ্বকাপ ক্রিকেটের সেমি ফাইনাল খেলা দেখতে ভারতে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ইসলামাবাদ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বকাপ ক্রিকেটের সেমি ফাইনাল খেলা দেখতে ভারতে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এ খেলা দেখতে যাচ্ছেন। পাকিস্তান সরকারের এক মুখপাত্র রোববার ইসলামাবাদে বলেছেন, "ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে খেলা দেখতে যাচ্ছেন।" ৩০ মার্চ মোহালিতে বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান। তার এ সফরের মধ্য দিয়ে দু দেশের নড়বড়ে শান্তি প্রক্রিয়া গতি পাবে বলে বলে মনে করা হচ্ছে। পাক ভারত কূটনীতিতে এর আগেও ক্রিকেটকে ব্যবহার করা হয়েছে। ১৯৮৭ সালে জয়পুরে ভারত ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ দেখতে ভারত সফর করেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক। সে সময় ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে বৈঠকও করেন তিনি। দু দেশের সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে ২০০৪ সালে ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে পাকিস্তান। ১৫ বছরের মধ্যে সেটাই ছিলো পাকিস্তান দলের প্রথম সফর। খেলা দেখতে পাকিস্তানের প্রায় সাড়ে হাজার ক্রিকেট প্রেমীকে ভিসা দিচ্ছে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫২ ঘ.