তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা উদ্বোধনীতে নেমে যে আয়েশী ভঙ্গিতে খেলেছেন, তাতে মানে হয়েছে তাদের সামনে যেকোন টার্গেটই মামুলি। একেবারেই চাপমুক্ত ক্রিকেট খেলে তারা দলকে নিয়ে গেছেন জয়ের দুয়ারে।
দু'জনেই অপরাজিত সেঞ্চুরি করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন, তা যে কোনো রেকর্ডকে হার মানাবে। বিশ্বকাপে যা একটা ইতিহাস। ইংল্যান্ড বোলারদের যেন উড়িয়ে দিয়েছেন তারা।
শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান এতোটাই নির্ভার হয়ে খেলেছেন, ইংল্যান্ড বোলাররা যেন চাপ প্রয়োগ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কোনো তাড়াহুড়ো করেননি। একেবারেই ধিরে সুস্থে বল-টু-বল খেলেছেন। কখনই দেখা যায়নি তাদের রিস্কি শট খেলতে। দিলশানকে সচরাচর বলা হয় মারমুখি ব্যাটসম্যান। কিন্তু এদিন তিনি একরকম পরিণত ক্রিকেটারের ভূমিকা পালন করেছেন।
এর আগে মুত্তিয়া মুরালিধরন, অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথ- এ তিন স্পিনারের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনেও যে ইংল্যান্ড ২৩০ রানের টার্গেট ছুড়ে দিয়েছে তাকে একেবারেই কম বলা যাবে না। কোয়ার্টার ফাইনালে যে কোনো প্রতিপক্ষের সামনেই তা যথেষ্ট ভালো টার্গেট।
শুরুতে শ্রীলঙ্কা দুই উইকেট তুলে নিয়ে একটু চেপে ধরলেও জনাথন ট্রট ও ইয়ান মর্গান জুটি অসাধারণ দৃঢ়তা দেখিয়ে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন। বিশেষ করে ট্রট ৮৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ইংল্যান্ডকে ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। মর্গান তাকে যোগ্য সহায়তা দেন।
তবে শ্রীলঙ্কান স্পিনাররা এদিন যে নিয়ন্ত্রিত বোলিং করেছে তাতে আরও কম রানে আটকে যেতে পারতো ইংল্যান্ডের ইনিংস। শ্রীলঙ্কার ফিল্ডাররা বেশ কয়টি ক্যাচ ফেলে দেওয়ায় ইংল্যান্ড দু'শ পার হতে পেরেছে।
তবে এমন টার্গেটও শ্রীলঙ্কার সামনে তেমন কিছুই মনে হয়নি, দু'উদ্বোধনী ব্যাটসম্যান তা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কার বোলিং বিভাগই শক্তিশালী নয়, ব্যাটিং গভীরতাও যে যথেষ্ঠ ইংল্যান্ড বোলাররা এদিন হাড়ে হাড়ে তা টের পেয়েছে। ইংল্যান্ড বোলারদের তারা একরকম পাড়ার বোলার বানিয়ে দিয়েছেন।
আসলে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি এতেটাই ভালো খেলেছে, যা প্রশংসার যে কোনো ভাষাকেও হার মানাবে।
বিশ্বকাপটা এবার এশিয়ায় থাকছে- শ্রীলঙ্কার এ জয়ে অনেকটাই নিশ্চিত হয়ে গেলো তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২৩১০ ঘ.
bdnews24