ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতকে পৌঁছাতে শচীন টেন্ডুলকারকে অপেক্ষায় রাখতে চান পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে আফ্রিদি বলেন, "শততম শতকে পৌঁছাতে টেন্ডুলকারকে বিশ্বকাপের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা আমরা শুধু শচীনকেই নয়, কোনো ভারতীয় খেলোয়াড়কে বড় ইনিংস খেলার সুযোগ দেব না।"
বিশ্বকাপে চমৎকার ব্যাট করছেন শচীন। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১৮ হাজার রানের মাইলফলকও অতিক্রম করেন তিনি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে শততম শতকে পৌঁছাতে শচীনের আর মাত্র একটি শতক দরকার।
মোহালিতে ৩০ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান খেলবে ভারতের সঙ্গে। এই খেলা প্রসঙ্গে আফ্রিদি বলেন, ভারতকে হারানোর ব্যাপারে তিনি আস্থাবান।
"এই খেলায় উভয় দলই জয়ের দাবি করতে পারে। কিন্তু আমাদের বর্তমান 'ফম' মাথায় রেখে আমি বলছি যে ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে," বলেন আফ্রিদি।
ভারতের সঙ্গে খেলার জন্য তার দলের খেলোয়াড়রা মুখিয়ে আছেন বলে উল্লেখ করে তিনি বলেন, "আমি খেলোয়াড়দের বলেছি যে দেশবাসীর প্রত্যাশা বেশি বলে যে দল মাথা ঠান্ডা রেখে খেলতে পারবে, সেই দলই জিতবে।"
পাকিস্তানের চেয়ে ভারতের খেলোয়াড়দের ওপর চাপ বেশি থাকবে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ভারতকে খেলতে হবে তাদের সমর্থকদের সামনে।
বিশ্বকাপে পাকিস্তান কখনোই ভারতকে হারাতে পারেনি, তাই নিজের দলের খেলোয়াড়দের ওপর কোনো চাপ থাকবে না বলে মনে করেন আফ্রিদি। বলেন, "আমার দলের খেলোয়াড়দের অভ্যাসই হলো ইতিহাস পাল্টে ফেলা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের ধারায় আছি বলে বড় ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি অনেক ভালো।"
সব শেষে আফ্রিদি খেলাটিকে শুধুমাত্র একটি খেলা হিসেবে দেখার জন্য ক্রিকেট-ভক্তদের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২৯ ঘ.
bdnews24