২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমার ভাগ্য নির্বাচকদের হাতে'

বিশ্বকাপ ক্রিকেট থেকে আগেভাগে অস্ট্রেলিয়ার বিদায়ের পর অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, তার ভাগ্য নির্ভর করছে নির্বাচকদের সিদ্ধান্তের ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 09:08 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

মেলবোর্ন, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট থেকে আগেভাগে অস্ট্রেলিয়ার বিদায়ের পর অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, তার ভাগ্য নির্ভর করছে নির্বাচকদের সিদ্ধান্তের ওপর। অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের কাছে অ্যাসেজ সিরিজ খোয়ানোর পর থেকেই তোপের মুখে আছেন পন্টিং। আহমেদাবাদে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১০৪ রান করার পরও তা সমালোচকদের মুখ যেমন বন্ধ করতে পারেনি, তেমনি ভারতের কাছেও হার ঠেকাতে পারেনি। অস্ট্রেলিয়ার একটি পত্রিকার জনমত জরিপে বলা হয়, অধিকাংশ ক্রিকেটভক্ত অধিনায়কের দায়িত্ব থেকে পন্টিংয়ের পদত্যাগ চাইছেন। দ্য অস্ট্রেলিয়ান পত্রিকায় শনিবার প্রকাশিত এক কলামে ৩৬ বছর বয়সী পন্টিং নিশ্চিত করেন যে এটিই তার শেষ বিশ্বকাপ। একই সঙ্গে তিনি লেখেন, খেলোয়াড় হিসেবে তিনি এখনই বিদায় নিচ্ছেন না, বরং তার ভবিষ্যত নির্ভর করছে নির্বাচকদের সিদ্ধান্তের ওপর। "কোয়র্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি অবসর নিচ্ছি কি না? জবাবে বলেছি, না," পন্টিং তার কলামে লেখেন, "আমি ক্রিকেট খেলে যেতে চাই। ক্রিকেট-ভক্তরা মনে হয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটে আমার অবদান ভালোভাবে খতিয়ে দেখেননি।" এখানেই থেমে থাকেননি পন্টিং, তিনি আরো লেখেন, "আমাদের দেশে নির্বাচকদের একটি প্যানেল আছে। আর তাদের কাজই হচ্ছে ক্রিকেটে সকলের অবদান খতিয়ে দেখা। আমি খুশি মনেই তাদের সিদ্ধান্ত মেনে নেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৯ ঘ.