ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য তার দল মুখিয়ে আছে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ৩০ মার্চ মোহালিতে ভারত খেলবে পাকিস্তানের সঙ্গে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়।
অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা শেষে ধোনি সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সঙ্গে লড়তে তার দল প্রস্তুত হয়ে আছে।
ভারত-পাকিস্তান খেলা দেখার জন্য মুখিয়ে আছে গোটা ক্রিকেট দুনিয়াও। নিজেদের মাঠে খেলা বলে চাপ থাকবে ভারতের ওপর, এমনটাই ভাবছেন অনেকে। এ কথা মানছেন ধোনি নিজেও। বলেন, তার দলের ওপর চাপ খানিকটা বেশিই থাকবে। আর এই চাপ সৃষ্টি করবেন সমর্থকরাই।
"ভারতীয়রা চান পাকিস্তানের বিপক্ষে আমরা জিতি। চূড়ান্ত খেলা নিয়ে তাদের মাথাব্যথা নেই," বলেন ধোনি।
ভারত-পাকিস্তান সেমিফাইনাল সম্পর্কে তিনি বলেন, "ভারত ও পাকিস্তান শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। এর চেয়ে ভালো আপনি আর কি বা আশা করতে পারেন?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮৫৮ ঘ.
bdnews24