ভারতের যে বিশাল ব্যাটিং বহর, অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া টার্গেট সে তুলনায় কঠিন কিছু ছিল না। যোগ্য দল হিসেবেই এ ম্যাচে জিতেছে তারা।
অবশ্য মাঝখানে তাদের চেপে ধরার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়ার বোলাররা। সেই চাপ সামাল দিতে একটু কষ্টই হয়েছে ভারতীয়দের।
যুবরাজ সিংয়ের অসাধারণ দৃঢ়তায় ভারত শুধু বিপর্যয় থেকেই রক্ষা পায়নি, সেমিফাইনালও নিশ্চিত করেছে। যুবরাজকে যোগ্য সহায়তা দিয়েছেন সুরেশ রায়না।
এবারের বিশ্বকাপে অনেকগুলো ম্যাচে যুবরাজ ভারতকে জয় পাইয়ে দিয়েছেন। তাই আমি বলব, যুবরাজই এখন ভারতের প্রাণ।
তবে অস্ট্রেলিয়া যে পেশাদার দল, ভারতের ইনিংসের মাঝামাঝি তার প্রমাণ পাওয়া গেছে। রান কম বলে তারা হাল ছেড়ে দেয়নি। শেষ পর্যন্ত লড়াই করে গেছে।
এর আগে অবশ্য রিকি পন্টিংয়ের সেঞ্চুরির ওপর ভর করে ভারতকে মোটামুটি একটি টার্গেট ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। পন্টিংয়েরে ব্যাটে দীর্ঘদিন ধরেই রান খরা যাচ্ছিল। বিশ্বকাপেও তা অব্যাহত ছিল। তবে সময়মতো জ্বলে উঠে দলকে লড়াইয়ের পুঁজি গড়তে সহায়তা করেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত তাতে জয় আসেনি।
এদিন অস্ট্রেলিয়ার টপ অর্ডার খুব একটা সুবিধা করতে পারেনি। ব্যাতিক্রমী ছিলেন রিকি পন্টিং। ভারতীয় বোলাররা যেভাবে চেপে ধরেছিলেন, তাতে পন্টিং প্রতিরোধ গড়তে না পারলে হয়তো আরো অল্প রানে শেষ হয়ে যেতো অস্ট্রেলিয়ার ইনিংস।
ভারতীয় স্পিনাররা এদিন খুবই ভালো বল করেছেন। বিশেষ করে তরুণ বোলার রবীচন্দ্রন অশ্বিন দারুণ ভুগিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের।
কোয়ার্টার ফাইনালের এ জয় ভরতের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। আমি আগেই বলেছিলাম, অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ হবে ফাইনালের আগে আরেকটি ফাইনাল। এই ম্যাচে জয় পেয়ে শুধু ভরাত নয়, শচীনও শিরোপার কাছাকাছি চলে এসেছেন। আমার বিশ্বাস, শচীনের স্বপ্ন পূরণ হবে এবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/০০০৫ ঘ.
bdnews24