ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ আটের লড়াইয়ে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছেন ইংল্যান্ড উইকেটরক্ষক ম্যাট প্রায়র।
ইংল্যান্ড বিশ্বকাপে এখনো নিজেদের মেলে ধরতে পারেনি বলেও তিনি স্বীকার করেন।
উভয় দলের মধ্যে খেলা শুরু হবে ২৬ মার্চ বিকেল ৩ টায়, কলম্বোয়।
ইংল্যান্ডের কোনো অধিনায়ক এ পর্যন্ত বিশ্বকাপের ট্রফিটা হাতে নিতে পারেননি। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের ফলাফল বলছে, এই বিশ্বকাপেও ইংল্যান্ডের শিরোপা জেতার সম্ভাবনা কম।
অবশ্য ক্রিকেটে শেষ কথা বলে কিছু নেই। গ্র"প পর্বে আয়ারল্যান্ড ও বাংলাদেশের কাছে হার মানলেও ইংল্যান্ড কিন্তু দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। টাই করেছে ভারতের সঙ্গে।
এ কথা মাথায় রেখে প্রায়র মনে করছেন, তিন বিভাগে ভালো করতে পারলে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কাকে হারানো অসম্ভব কিছু নয়।
"আমরা যদি একটা দল হিসেবে খেলি, আর তিন বিভাগে নিজেদের সেরাটা ঢেলে দেই, তাহলে আমাদের হারানো যে কোনো দলের জন্যই কঠিন",বলেন প্রায়র।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ রানের জয় দলের সবার মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে বলে দাবি করছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক। তিনি বলেন, "এতে প্রমাণ হয়েছে আমাদের হারানো সহজ নয়। ওই জয়ে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। বিশ্বকাপ জয়ের ক্ষুধায় আগুন ধরিয়ে দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮২৬ ঘ.
bdnews24