২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রতিপক্ষ ভারত

বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে শেষ পর্যন্ত পাকিস্তানের প্রতিপক্ষ হলো ভারত। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা ৫ উইকেটে। তখনো হাতে ছিল ১৪ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে শেষ পর্যন্ত পাকিস্তানের প্রতিপক্ষ হলো ভারত। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা ৫ উইকেটে। তখনো হাতে ছিল ১৪ বল। দ্বিতীয় সেমিফাইনালে মোহালিতে ৩০ মার্চ মুখোমুখি হবে দল দু'টো। ১৯৯২ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম সেমিফাইনালে জায়গা করে নিতে পারলো না অস্ট্রেলিয়া। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে রান তাড়া করতে গিয়ে শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভির ও যুবরাজ সিংয়ের অর্ধশতকের ওপর ভর করে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্য ২৬১ রানে পৌঁছে যায় ভারত। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রিকি পন্টিংয়ের শতকের সুবাদে ৬ উইকেটে ২৬০ রান করে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৭ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৭) বিদায় নিলে শঙ্কায় পড়ে ভারত। এ অবস্থায় হাল ধরেন যুবরাজ ও সুরেশ রায়না। ষষ্ঠ উইকেট জুটিতে হার না মানা ৭৪ রান তুলে দলকে পৌঁছে দেন তারা জয়ের ঠিকানায়। শেষ পর্যন্ত যুবরাজ অপরাজিত থাকেন ৫৭ রানে। আর ২৮ বলে রায়না অপরাজিত ৩৪ রান করেন ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে। যুবরাজের ৬৫ বলের ইনিংসে চার রয়েছে ৮টি। এটি বিশ্বকাপে তার সপ্তম অর্ধশতক। একদিনের ক্রিকেটে ৪৯তম। এ রান করার পথে ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি। এর আগে উদ্বোধনী জুটিতে শচীন ও বীরেন্দর শেবাগ ৪৪ রানের ভালো একটা ভিত্তি গড়ে তোলেন। শেবাগ ১৫ রান করে বিদায় নিলেও অবিচল ছিলেন শচীন। দ্বিতীয় উইকেট জুটিতে শচীন ও গম্ভির ৫০ রান তুলে দলকে বেশ কিছুটা এগিয়ে নেন। ৯৪ রানের মাথায় শন টেইটের বলে উইকেটের পেছনে ব্র্যাড হ্যাডিনের হাতে ধরা পড়ার আগে শচীন করেন ৫৩। তিনি তার ৬৮ বলের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে। এটি বিশ্বকাপের ইতিহাসে শচীনের ১৫তম অর্ধশতক। একদিনের ক্রিকেটে ৯৪ তম। এ রান করার পথে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের খেলায় ১৮ হাজার রানের মাইল ফলক অতিক্রম করেন শচীন। শচীনের বিদায়ের পর গম্ভির ও বিরাট কোহলি তৃতীয় উইকেট জুটিতে ৪৯ রান তোলেন। ১৪৩ রানের মাথায় কোহলি (২৪) বিদায় নিলেও খেলে যেতে থাকেন গম্ভির। নিজের অর্ধশতকে পৌঁছার পর গম্ভিরও (৫০) রান-আউট হয়ে সাজঘরে ফিরে যান। তখন দলের রান ছিল ১৬৮। এটি বিশ্বকাপে গম্ভিরের তৃতীয় অর্ধশতক। একদিনের ক্রিকেটে ২৪তম। অস্ট্রেলিয়ার পক্ষে ডেভিড হাসি, ব্রেট লি, শেন ওয়াটসন ও টেইট ১টি করে উইকেট নেন। এ জন্য ডেভিড দেন ১৯ রান। ওয়াটসন ৩৭। লি ৪৫। টেইট ৫২। এর আগে সব বিতর্ক ও সমালোচনার জবাব দেয়ার জন্য যেন এ ম্যাচটাকেই বেছে নেন পন্টিং। একপ্রান্তে উইকেট পড়লেও তিনি ছিলেন অবিচল। ২৪৫ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে বিশ্বকাপের ইতিহাসে আদায় করে নেন তার পঞ্চম শতক। রবীচন্দ্রন অশ্বিনের বলে 'রিভার্স-পুল' করেন তিনি। বল চলে যায় সোজা শর্ট থার্ডম্যানে জহির খানের কাছে। বলটি লুফে নিতে এক পাও নড়তে হয়নি তাকে। ১১৮ বল খেলে ১০৪ রান করেন পন্টিং। তিনি তার ইনিংসটি সাজান ৭টি চার ও একটি ছক্কা দিয়ে। এটি এই বিশ্বকাপে তার প্রথম শতক। একদিনের ক্রিকেটে ৩০তম। এর আগে শুরুটা খারাপ করেননি দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যাডিন ও ওয়াটসন। ৪০ রানের মাথায় ওয়াটসন বিদায় নিলেও দ্বিতীয় উইকেট জুটিতে হ্যাডিন ও পন্টিং ৭০ রান তুলে দলের অবস্থা সুসংহত করেন। সেই সঙ্গে সুগম করেন এগিয়ে যাওয়ার পথ। দলীয় ১১০ রানের মাথায় যুবরাজের বলে রায়নার হাতে ধরা পড়ার আগে ৫৩ রান করেন হ্যাডিন। তার ৬২ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা রয়েছে। এটি বিশ্বকাপে তার চতুর্থ অর্ধশতক। একদিনের ক্রিকেটে ১৫তম। কিন্তু এগিয়ে যাওয়ার পথটি কঠিন করে তোলেন মাঝের সারির ব্যাটসম্যানরা। দলের সঙ্গে আর ৮০ রান যোগ হতেই বিদায় নেন মাইকেল ক্লার্ক (৮), মাইক হাসি (৩) ও ক্যামেরন হোয়াইট (১২)। ফলে লড়াই করার মতো একটা পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হয় অস্ট্রেলিয়াকে। হয়তো লড়াই করার মতো পুঁজিও গড়ে তুলতে পারতো না, যদি না ষষ্ঠ উইকেট জুটিতে ডেভিড ও পন্টিং দলের সঙ্গে ৫৫ রান যোগ না করতেন। দলীয় ১৯০ রানের মাথায় হোয়াইটের বিদায়ের পর সপ্তম ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন ডেভিড। মাত্র ২৬ বলে অপরাজিত ৩৮ রান করেন তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন যুবরাজ, রবীচন্দ্রন ও জহির। এ জন্য যুবরাজ দেন ৪৪ রান। অশ্বিন ৫২। জহির ৫৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৫০ ঘ.