২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিততে পারে যে কোনো দল

শক্তির বিচারে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে ভারত হয়তো এগিয়ে থাকবে। তারপরও আমি বলবো, খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 04:43 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শক্তির বিচারে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে ভারত হয়তো এগিয়ে থাকবে। তারপরও আমি বলবো, খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এ খেলাটিকে আমি এক রকম ফাইনাল ম্যাচই বলব। এতে যে দল জিতবে তাদেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল। তাই একটি অসাধারণ খেলা দেখার অপেক্ষায় আছি। অস্ট্রেলিয়া অবশ্য গ্র"পের শেষ খেলায় পাকিস্তানের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে আছে। কিন্তু তারা এতটাই পেশাদার দল যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতা রাখে। তাই আমি অস্ট্রেলিয়াকে খুব বেশি পিছিয়ে রাখবো না। তাছাড়া তাদের বোলিং আক্রমণ খুবই ভালো। শট টেইট, ব্রেট লি ও শেন ওয়াটসনের মতো বোলাররা যে কোনো দলের ব্যাটসম্যানকে কোনঠাসা করে রাখার ক্ষমতা রাখেন। যদিও ভারতের ব্যাটিং লাইন খুবই শক্তিশালী। যে কোনো বোলিং আক্রমণের বিপক্ষে তারা বড় স্কোর গড়ার ক্ষমতা রাখে। তাদের ব্যাটিং লাইন এতটাই লম্বা যে হরভজন সিং পর্যন্ত ভালো ব্যাট করার ক্ষমতা রাখেন। তাছাড়া প্রত্যেক ব্যাটসম্যান রানে আছেন। বিশেষ করে যুবরাজ সিং এখন ফর্মের তুঙ্গে। আর শেবাগ যদি ভালোভাবে শুরু করতে পারেন, তাহলে বোলারদের দিনটা খারাপই যাবে। কারণ শেবাগ শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন। শেষ পর্যন্তই সেভাবে খেলে যান, এটা তার একটা বড় গুণ। আর শচীন টেন্ডুলকার যদি ভালো করেন, তাহলে ভারতের ইনিংস তিনশ পার হবে। ভারতের বোলিং বিভাগও বেশ শক্তিশালী। বিশেষ করে স্পিনাররা খুবই ভালো করে যাচ্ছেন। হরভাজনের পাশপাশি রবীচন্দ্রন অশ্বিন খুবই ভালো করেছেন শেষ খেলায়। এ খেলায়ও তাকে খেলাবে বলে আমার বিশ্বাস। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন ভারতের মতো শক্তিশালী না হলেও খুব একটা খারাপও বলা যাবে না। এ দলে বেশ কয়জন উঁচু মানের ব্যাটসম্যান আছেন, যারা দলের বিপর্যয়ের মুহূর্তে হাল ধরার ক্ষমতা রাখেন। কিন্তু ভারতের স্পিন আক্রমণের বিপক্ষে তারা কেমন করেন, সেটাই দেখার বিষয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১০৩০ ঘ.