ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ হাওয়ায় মিলিয়ে দিয়েছে তারা। জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে মোহাম্মদ হাফিজের অর্ধশতকের সুবাদে ২০ ওভার ৫ বলে জয়ের লক্ষ্য ১১৩ রানে পৌঁছে যায় পাকিস্তান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভার ৩ বলে ১১২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের পালা।
বিশ্বকাপে এটি ১০ উইকেটে দশম জয়। আর পাকিস্তানের প্রথম। এছাড়া এই প্রথম বিশ্বকাপে ১০ উইকেটে হার মানলো ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯২ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হারে পাকিস্তান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজ ও কামরান আকমল। কেমার রোচ, রবি রামপল, দেবেন্দ্র বিশু ও অধিনায়ক ড্যারেন সামিকে কোনো সুযোগই দেননি তারা। তাই কোনো হোঁচটও খেতে হয়নি পাকিস্তানকে।
হাফিজ যখন বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন তখন তার রান ছিল ৬১। হাফিজ তার ৬৪ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে। বিশ্বকাপে এটি হাফিজের প্রথম অর্ধশতক। একদিনের ক্রিকেটে অষ্টম।
আর অন্য প্রান্তে ৪৭ রানে অপরাজিত ছিলেন কামরান। তার ৬১ বলের ইনিংসে চার রয়েছে ৭টি।
এবারের বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে এত রান আর কোনো খেলায় তুলতে পারেনি পাকিস্তান। দলটির উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান ছিল ২৮।
এর আগে ব্যাট করতে নেমে ১৪ রানের মাথায় প্রথমেই সাজঘরের পথ ধরেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল (৮)। এরপরই শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। ৭১ রানের মধ্যে ৮ উইকেট হারালে দলের রান ১০০ পার হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দেয়।
কিন্তু নবম উইকেট জুটিতে শিবনারায়ন চন্দরপল ও রোচ ৪০ রান তুললে দলের রান ১০০ টপকে যায়।
শেষ পর্যন্ত চন্দরপল ৪৪ রানে অপরাজিত ছিলেন। তার ১০৬ বলের ইনিংসে কোনো চার না থাকলেও ছক্কা রয়েছে একটি। এছাড়া রামনরেশ সারোয়ান করেন ২৪ ও রোচ ১৬। উল্লেখ করার মতো রান করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
পাকিস্তানের পক্ষে অধিনায়ক শহিদ আফ্রিদি ৪ উইকেট নেন ৩০ রানে। ২টি করে উইকেট নেন হাফিজ ও সাঈদ আজমল। এজন্য হাফিজ দেন ১৬ রান। আজমল ১৮।
এই ৪টি নিয়ে এবারের বিশ্বকাপে ৭ খেলায় আফ্রিদি মোট ২১ উইকেট নিলেন। উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের জহির খান। মোট ১৫টি উইকেট নিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৪০ ঘ.
bdnews24