২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা আছে, উৎসব নেই

আগের চারটি খেলার দিনে মিরপুরে স্টেডিয়াম এলাকায় উৎসব চললেও কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেও সে উৎসবের কোনো রেশ দেখা যায়নি, কারণ বাংলাদেশের বিদায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের চারটি খেলার দিনে মিরপুরে স্টেডিয়াম এলাকায় উৎসব চললেও কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেও সে উৎসবের কোনো রেশ দেখা যায়নি, কারণ বাংলাদেশের বিদায়। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দিবারাত্রির খেলায় মাঠে নামছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। দুপুর আড়াইটায় খেলা শুরু হবে। তার আগে দুপুর ১২টায় স্টেডিয়াম এলাকায় গিয়ে আগের মতো ভুভুজেলার আওয়াজ, দর্শকদের কলরব, 'বাংলাদেশ-বাংলাদেশ' স্লোগান কিছুরই দেখা মেলেনি। ক্রিকেটপাগল দর্শকরা যেন হঠাৎ করেই হারিয়ে গেছেন স্টেডিয়ামপাড়া থেকে। খেলা দেখতে যারা এসেছেন, তাদের মধ্যেও নেই সেই আগের উন্মাদনা। এর আগে মিরপুরে যতগুলো খেলা হয়েছিলো, তার সবগুলোই ছিলো বাংলাদেশের। ফলে দর্শকের উন্মাদনাই ছিলো অন্য রকমের। গত ১৯ মার্চ ২০৬ রানের বিরাট ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিক বাংলাদেশ। সেই থেকে বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ শুধুই দর্শক। বুধবার স্টেডিয়ামপাড়ার সেই লাল-সবুজও যেন হঠাৎ করেই ফিকে হয়ে গেছে বুধবারের বাংলাদেশবিহীন বাংলাদেশেই কোয়ার্টার ফাইনালের প্রথম খেলার আগে। স্টেডিয়ামে খেলা দেখতে আসা কলেজ শিক্ষার্থী মুসতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাকিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের খেলা নিঃসন্দেহে উপভোগ করার মতো ম্যাচ। কিন্তু আগের মতো আর আনন্দ খুঁজে পাচ্ছি না।" স্টেডিয়ামের সামনে 'গো ব্যাক সিডন্স, সেভ আওয়ার ক্রিকেট', 'নো মোর অস্ট্রেলিয়ান কোচ' লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মহড়া দিচ্ছেন আটজন। আবার অনেকের হাতেই শোভা পাচ্ছে বাংলাদেশ দল এবং বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ব্যঙ্গাত্মক বিভিন্ন ছবি-স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। তাদেরই একজন তেজগাঁও কলেজের শিক্ষার্থী সোহেল আজাদ বলেন, "বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠতে না পারুক, অত্যন্ত ভালো খেলা তো আমাদের উপহার দেবে।" তিনি বলেন, বিশ্বকাপে বাংলাদেশের লজ্জাজনক দুটো হার আমাদের সব উৎসাহ-উন্মাদনাকে একেবারে মাটি করে দিয়েছে। বেলা সাড়ে ১১টায় স্টেডিয়ামের ফটকগুলো খুলে দেওয়া হয়। কিন্তু দর্শক সংখ্যা খুবই কম। চারটি ফটকের কোনোটিতেই দর্শকদের লাইনে দাঁড়াতে হয়নি। মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও মিরপুর-১ নম্বর সেক্টরের সামনে ব্যারিকেড থাকলেও অন্য খেলার দিনগুলোর মতো র‌্যাব-পুলিশের কড়াকড়ি নেই। স্টেডিয়ামের পাশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বেলা ১২টার দিকে বিতরণ করা হছিলো ওএমএস'র চাল। এছাড়া স্টেডিয়াম সংলগ্ন মিরপুর কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ। বাংলাদেশের খেলার দিনে তা বন্ধ ছিলো। এখন খোলা থাকলেও শিক্ষার্থীদের আলোচনায় খেলা নেই। বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বেলা পৌনে ১২টার দিকে ট্রাকে ময়লা তুলতে দেখা যায় সিটি কর্পোরেশনের কর্মচারীদের। এসব এলাকা থেকে বিশ্বকাপের উৎসব হঠাৎ করেই যেন হারিয়ে গেছে। অথচ বাংলাদেশের খেলার দিনে মিরপুর ১০ নম্বর থেকে সনি সিনেমা হল পর্যন্ত সড়কে ভিড়ের কারণে হাঁটাই ছিলো দায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৩৪০ ঘ.