ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া সম্পর্কে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, তারা খুবই শক্তিশালী দল। সেই সঙ্গে তিনি মনে করেন, ডেভন স্মিথের উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জহির খানই খেলার চিত্র পাল্টে দেন।
অস্ট্রেলিয়াকে খুবই চমৎকার দল হিসেবে অভিহিত করে ধোনি বলেন, "তবে আমরা কিভাবে প্রস্তুতি নেই, তার ওপর নির্ভর করছে সবকিছু।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম স্পেলে দুই ওভার বল করার পর জহির খানকে সরিয়ে নেয়া হয়। মূলত বল পুরনো হওয়ার অপেক্ষায় ছিলেন ধোনি, যাতে রিভার্স সুইং করে প্রতিপক্ষকে নাকাল করতে পারেন জহির।
খেলার ৩১তম ওভারে পুরনো বলে আঘাত হানেন জহির। বলে গতি কিছুটা কম ছিল। বুঝতে পারেননি স্মিথ। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। চমৎকার খেলে ৮১ রান করেন স্মিথ।
খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারত অধিনায়ক বলেন, "স্মিথকে সাজঘরে ফেরত পাঠিয়ে আক্ষরিক অর্থেই জহির খেলার চিত্রই পাল্টে দেন। আউট হওয়র আগ পর্যন্ত স্মিথ খুব ভালো খেলছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, "এরপরই উভয় প্রান্ত থেকে আমরা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের চেপে ধরি। উইকেট আদায় করে নিতে থাকি নিয়মিত বিরতিতে। শেষ পর্যন্ত খেলায় জিতেই যাই আমরা।"
জহিরের আঘাত হানার আগে ওয়েস্ট ইন্ডিজ বেশ ভালোভাবে রান তাড়া করছিল। ১৫৪ রান তোলে ২ উইকেটে। প্রথমে ড্যারেন ব্রাভো ও পরে রামনরেশ সারোয়ানকে নিয়ে দু'টি অর্ধশতকের জুটি গড়ে তোলেন স্মিথ।
সে সময় মনে হচ্ছিল ভারতের হাত থেকে খেলা বেরিয়ে যাচ্ছে। কিন্তু স্মিথকে ফেরানোর পর আক্রমণ করার সুযোগ পান ধোনি। এক পর্যায়ে হরভজনের বলে তিন ফিল্ডারকে রাখেন ব্যাটসম্যানের একেবারে কাছাকাছি। শেষ পর্যন্ত ধোনির এই চাপের মুখে ভেঙে পড়েন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৩২ ঘ.
bdnews24