ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে গ্র"প পর্বের শেষ খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে ভারত। ফলে 'বি' গ্র"পের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠলো তারা। এই গ্র"পের চতুর্থ দল ওয়েস্ট ইন্ডিজ।
৬ খেলায় ভারতের পয়েন্ট ৯। সমান খেলায় ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬। যদিও বাংলাদেশের পয়েন্টও ৬। তবে নিট রান রেটে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা।
কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি হবে 'এ' গ্র"পের তৃতীয় দল অস্ট্রেলিয়ার। আর ওয়েস্ট ইন্ডিজ খেলবে শীর্ষ দল পাকিস্তানের বিপক্ষে।
চেন্নাইয়ে রোববার টস জিতে ব্যাট করতে নেমে যুবরাজ সিংয়ের শতকের সুবাদে ৪৯ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ২৬৮ রান করে ভারত। বিশ্বকাপে এটি যুবরাজের প্রথম শতক। জবাবে ডেভন স্মিথের অর্ধ-শতকের পরও ১৮৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ডেভন স্মিথ ৯৭ বল খেলে ৭ চার ও ১ ছক্কার সাহায্যে ৮১ রান করেন। এছাড়া রামনরেশ সারওয়ান ৩৯, ড্যারেন ব্রাভো ২২ ও ক্রিক এডওয়ার্ডস ১৭ রান করেন। আর কেউই দু অংকের কোটা ছুঁতে পারেনি।
ভারতের পক্ষে জহির খান ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন যুবরাজ সিং ও রবিচন্দ্রন অশ্বিন। এজন্য যুবরাজ দেন ১৮ রান ও অশ্বিন দেন ৪১ রান।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে (২) হারায় ভারত। দলীয় ৫৮ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভিরও (২২) সাজঘরের পথ ধরেন। দু'টি উইকেটই নেন রবি রামপল।
তবে বিরাট কোহলি ও যুবরাজ সিং মিলে তৃতীয় উইকেট জুটিতে ১৪৩ বলে ১২২ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন।
দলীয় ১৭৩ রানে কোহলির উইকেট উপড়ে নেন রামপল। ৭৬ বলে ৫৯ রান করার পথে তিনি পাঁচটি বাউন্ডারি হাঁকান। বিশ্বকাপে এটি তার প্রথম অর্ধ-শতক।
১১২ বল খেলে বিশ্বকাপে নিজের প্রথম শতকে পৌঁছান যুবরাজ সিং।
দলীয় ২৪০ রানে কিয়েরন পোলার্ডের হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন যুবরাজ। ১২৩ বল খেলে ১০ চার ও ২ ছক্কার সাহায্যে ১১৩ রান করেন তিনি।
এছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২২ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন রবি রামপল। একদিনের ক্রিকেটে এটাই তার সেরা বোলিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২২২ ঘ.
bdnews24