ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেনিয়ার বিপক্ষে ১৬১ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ শেষ করলো জিম্বাবুয়ে।
কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাট করতে নেমে ততেন্দা তাইবু, ভুসি সিবান্দা ও ক্রেগ ইরভিনের অর্ধশতকের সুবাদে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৩০৮ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৬ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় কেনিয়া।
জয়ের জন্য ৩০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কেনিয়ার। ৪৪ রানের মধ্যে সাজঘরে ফিরেন আলেক্স ওবান্দা (২৩), তন্ময় মিশ্র (৪), স্টিভ টিকোলো (১০), কলিন্স ওবুয়া (১) ও ডেভিড ওবুয়া (০)।
নিয়মিত অধিনায়ক জিমি কামান্দের অনুপস্থিতিতে কেনিয়াকে নেতৃত্ব দেয়া স্টিভ টিকোলোর এটাই শেষ ম্যাচ।
দলের অর্ধেক ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে কেনিয়া।
এর পরই কেনিয়া ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়ে উঠে রাকেপ প্যাটেল ও থমাস ওদোয়োর মধ্যে। ষষ্ঠ উইকেট জুটিতে তারা ২৯ রান যোগ করেন। গ্রেগ ল্যাম্বের বলে ওদোযো (১৪) সাজঘরের পথ ধরলে ভাঙ্গে এ জুটি। পরে প্যাটেলকেও (২৪) ফেরান ল্যাম্ব। দলের রান তখন ৯৫।
নবম উইকেটে এলিজাহ ওটিয়েনোর সঙ্গে ২৩ ও দশম উইকেটে জেমস গুচের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে পরাজয়ের ব্যবধান কমান নেহেমিয়াহ ওদিয়াম্ব।
শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত থাকেন ওদিয়াম্ব। তার ৪৭ বলের ইনিংসে রয়েছে ৫টি চার।
জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নেন রে প্রাইস, ল্যাম্ব ও গ্রায়েম ক্রিমার। এ জন্য প্রাইস দেন ২০। ল্যাম্ব ২১। ক্রিমার ২৮।
এর আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। ১০ ওভারে ৩৬ রানের মধ্যে বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রেগিস চাকাবভা (৯) ও ব্রেন্ডন টেলর (২৬)।
কেনিয়ার আঁটোসাটো বোলিংয়ের মুখে তৃতীয় উইকেট জুটিতে তাইবু ও সিবান্দার শুরুটা ছিলো নড়বড়ে। তবে সতর্ক ব্যাটিংয়ের সুফলটা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পান তারা। সিবান্দার (৬১) রান আউটের মধ্য দিয়ে ভাঙ্গে তাদের ১১০ রানের জুটি।
সিবান্দা তার ৫৭ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে। এটি একদিনের ক্রিকেটে তার ১৩তম অর্ধশতক। বিশ্বকাপে প্রথম।
নিজের অর্ধশতকে পৌঁছে তাকে অনুসরণ করেন তাইবু (৫৩)। দলের রান তখন ১৬৫। তিনি তার ৭৪ বলের ইনিংসে চার মারেন ৭টি। এটি একদিনের ক্রিকেটে তার ১৮তম অর্ধশতক। বিশ্বকাপে তৃতীয়।
উপরের সারির ব্যাটসম্যানদের গড়ে দেয়া শক্ত ভীত কাজে লাগাতে কোনো ভুল করেন নি জিম্বাবুয়ের মাঝের সারির ব্যাটসম্যানরা। পঞ্চম উইকেট জুটিতে ইরভিন ও এল্টন চিগুম্বুরা ১০৫ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে।
৪৭ তম ওভারের শেষ বলে চিগুম্বুরাকে (৩৮) বিাদয় করে ওই জুটি ভাঙ্গেন পিটার ওনগংডো। পরের ওভারেই অধিনায়ককে অনুসরণ করেন ইরভিন (৬৬)। দলের রান তখন ২৭৬।
ইরভিন তার ৫৪ বলের ইনিংসটি খেলার পথে ৭টি চার ও ১টি ছক্কা হাঁকান। এটি একদিনের ক্রিকেটে তার চতুর্থ অর্ধশতক। বিশ্বকাপে তৃতীয়।
শেষ পর্যন্ত ল্যাম্ব ১৭ রানে অপরাজিত ছিলেন। প্রসপার উৎসেয়া ১৯ রানে। শেষ ১০ ওভারে ১০৪ রান তোলে জিম্বাবুয়ে।
কেনিয়ার পক্ষে ওটিয়েনো ২ উইকেট নেন ৬১ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৫৭ ঘ.
bdnews24