ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জেতার আশা করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "কোয়ার্টার ফাইনাল শিরোপা জয়ের পথে প্রথম পদক্ষেপ মাত্র। আশা করছি, পরের তিন খেলাতেও জিততে পারবো।"
উইকেট নিয়ে স্মিথ বলেন, "উইকেট স্বাভাবিকই ছিল। ভেবেছিলাম আড়াই শ'র মতো রান করতে পারবো। কিন্তু 'পাওয়ার প্লে'তে ভালো করায় আমাদের রান ২৮০ ছাড়িয়ে যায়।"
বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যানসহ শাহরিয়ার নাফীসকে সাজঘরে ফেরত পাঠান পেসার লনওয়াবো সটসবে। এর পুরস্কারও পেয়েছেন তিনি হাতে-নাতে, ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে।
এই বিশ্বকাপে এবারই প্রথম ম্যাচ সেরা হলেন তিনি। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এতে দলের জন্য আরো ভালো কিছু করার ইচ্ছা আমার বেড়ে গেল। এজন্য আমি কঠোর অনুশীলন করবো।"
বাংলাদেশে খেলা তিনি উপভোগ করেছেন বলেও জানান।
বাংলাদেশ দল সম্পর্কে স্মিথ বলেন, বাংলাদেশের জয়ের ধারাবাহিকতা বজায় রাখা খুবই প্রয়োজন। সেই সঙ্গে সব বিভাগেই দলটিকে উন্নতি করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২১ ঘ.
bdnews24