২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে থামালো পাকিস্তানই

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়ের ধারায় ছন্দপতন ঘটিয়েছে সেই পাকিস্তানই। ৪ উইকেটে হারিয়েছে তারা দলটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়ের ধারায় ছন্দপতন ঘটিয়েছে সেই পাকিস্তানই। ৪ উইকেটে হারিয়েছে তারা দলটিকে। বিশ্বকাপে ৩৫তম খেলায় হার মানলো টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারার পর থেকে টানা ৩৪ খেলায় অপরাজিত ছিল রিকি পন্টিংয়ের দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার রান তাড়া করতে গিয়ে ৪১ ওভারে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ১৭৭ টপকে ১৭৮ রানে পৌঁছে যায় পাকিস্তান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৬ ওভার ৪ বলে ১৭৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এই খেলায় জিতে পাকিস্তান ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে উঠে গেল তালিকার শীর্ষে। সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তৃতীয় স্থানে। শ্রীলঙ্কারও পয়েন্ট ৯ হলেও নিট রান রেটে এগিয়ে থাকার সুবাদে দলটি আছে দ্বিতীয় স্থানে। আর ৬ খেলায় ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার মতো ১২ রানের মধ্যে প্রথম উইকেট হারায় পাকিস্তানও। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে কামরান আকমল ও আসাদ শফিক ৩৩ রান তুলে দলকে কিছুটা এগিয়ে নেন। ৪৫ রানের মাথায় ব্রেট লির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে কামরান করেন ২৭ বলে ২৩। তৃতীয় উইকেট জুটিতে শফিক ও ইউনুস খান দলের সঙ্গে যোগ করেন আরো ৫৩ রান। ৯৮ রানের মাথায় জোড়া আঘাত হানেন লি। পরপর দুই বলে সাজঘরে ফেরত পাঠান তিনি ইউনুস (৩১) ও মিসবাহ উল হককে (০)। দলীয় ১৩৯ রানের মাথায় শফিক (৪৬) ও ১৪২ রানের মাথায় অধিনায়ক শহিদ আফ্রিদি (২) বিদায় নিলেও আর হোঁচট খেতে হয়নি পাকিস্তানকে। শফিকের ৮১ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি। এরপর উমর আকমল ও আব্দুল রাজ্জাক নিরাপদেই দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। শেষ পর্যন্ত উমর ৪৪ ও রাজ্জাক ২০ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে লি ৪ উইকেট নেন ২৮ রানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১২ রানের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (৯) বিদায় নিলে খাদে পড়ে যায় অস্ট্রেলিয়া। এ অবস্থায় হাল ধরেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন ও পন্টিং। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ৬৩ রান যোগ করে খাদ থেকে টেনে তুলতে না তুলতেই আবারো খাদে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর আর কোনো ব্যাটসম্যান খাদ থেকে টেনে তুলতে পারেননি দলকে। বড় কোনো জুটিও গড়ে তুলতে পারেননি তারা। বরং শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের উইকেটে আসা ও যাওয়ার পালা। দলের পক্ষে সবচেয়ে বেশি ৮০ বলে ৪২ রান করেন হ্যাডিন। তিনি তার ইনিংসটি সাজান তিনটি চার ও একটি ছক্কা দিয়ে। মাইকেল ক্লার্ক ৩৪, স্টিভ স্মিথ ২৫ ও পন্টিং করেন ১৯ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেননি। পাকিস্তানের বোলারদের মধ্যে উমর গুল ৩ উইকেট নেন ৩০ রানে। ৮ রানে ২ উইকেট নেন আব্দুল রাজ্জাক। বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম খেলায় কেনিয়াকে হারায় ২০৫ রানে। পরের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জেতে ১১ রানে। তৃতীয় খেলায় কানাডাকে হারায় ৪৬ রানে। পরের খেলায় নিউজিল্যান্ডের কাছে হারে ১১০ রানে। পঞ্চম খেলায় জিম্বাবুয়েকে হারায় ৭ উইকেটে। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে জেতে ৯১ রানে। পরের খেলায় নিউজিল্যান্ডকে হারায় ৭ উইকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় খেলা বৃষ্টিতে ভেসে যায়। পরের খেলায় কেনিয়াকে হারায় ৬০ রানে। পঞ্চম খেলায় কানাডাকে হারায় ৭ উইকেটে। এর আগে মোট ৮৫ বার খেলেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এর মধ্যে ৫২ বার জিতেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান ২৯ বার। ১টি খেলা টাই হয়। ফল আসেনি ৩ খেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২২২ ঘ.