ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার জয়ের ধারায় ছন্দপতন ঘটাতে চায় পাকিস্তান।
শ্রীলঙ্কার কলম্বোতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার বিকেল ৩টায়।
বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম খেলায় কেনিয়াকে হারায় ২০৫ রানে। পরের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জেতে ১১ রানে। তৃতীয় খেলায় কানাডাকে হারায় ৪৬ রানে। পরের খেলায় নিউজিল্যান্ডের কাছে হারে ১১০ রানে। পঞ্চম খেলায় জিম্বাবুয়েকে হারায় ৭ উইকেটে।
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে জেতে ৯১ রানে। পরের খেলায় নিউজিল্যান্ডকে হারায় ৭ উইকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় খেলা বৃষ্টিতে ভেসে যায়। পরের খেলায় কেনিয়াকে হারায় ৬০ রানে। পঞ্চম খেলায় কানাডাকে হারায় ৭ উইকেটে।
এর আগে মোট ৮৫ বার খেলেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এর মধ্যে ৫২ বার জিতেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান জিতেছে ২৯ বার। ১টি খেলা টাই হয়। ফল আসেনি ৩ খেলায়।
টানা তিনবার বিশ্বকাপ জিতলেও অস্ট্রেলিয়া শেষবার হেরেছিল এই পাকিস্তানেরই কাছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে ওই হারের পর টানা ৩৪ খেলায় অপরাজিত রয়েছে রিকি পন্টিংয়ের দল।
"এখনো আমরা কঠিন কোনো পরীক্ষার সামনে পড়িনি," গ্র"প পর্বের শেষ খেলার আগে বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। কোনো ধরনের পরীক্ষার সামনে না পরায় পাকিস্তানের বিপক্ষে খেলাটিকেই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন অস্ট্রেলিয়া।
দলের তিন পেসার শন টেইট, ব্রেট লি ও মিচেল জনসনকে কানাডার ব্যাটসম্যানরা নাকাল করে ছেড়েছেন। এতে বেশ ভাবনায় পড়েছেন পন্টিং। তার ভাবনা আরো বাড়িয়ে দিয়েছেন দলের স্পিনাররা। দুর্বল কেনিয়া ও কানাডার ব্যাটসম্যানরাও বেশ সহজে রান পেয়েছে তাদের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার ফিল্ডিংও ঠিক তাদের মানের হচ্ছে না। শুধু দল নিয়েই নয়, পন্টিংকে ভাবতে হচ্ছে নিজের খেলা নিয়েও। শেষ চার ইনিংসে ২০.৭৫ গড়ে রান করলেও পন্টিং অবশ্য বড় ম্যাচে রান পাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।
পাকিস্তান যে ছেড়ে কথা বলবে না, তা আগেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ওয়াকার ইউনুস। অস্ট্রেলিয়াকে হারিয়ে পরের খেলার জন্য অনুপ্রেরণা নিতে চান তিনি এই খেলা থেকেই।
এ প্রসঙ্গে ওয়াকার বলেন, "অস্ট্রেলিয়াকে হারালে যে কোনো দল আমাদের বিপক্ষে মাঠে নামার আগে দ্বিতীয়বার চিন্তা করবে।"
পাকিস্তানের উদ্বোধনী জুটি মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ এখন পর্যন্ত ভালো করতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থ পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদিও। তিনি নিজেও স্বীকার করেছেন, দল তার কাছ থেকেও রান চায়।
পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান যখন রানের জন্য যুদ্ধ করছেন তখন বেশ সহজে রান পাচ্ছেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (২৫৬) ও ব্র্যাড হ্যাডিন (২৩৭)। রানের মধ্যে আছেন মাইকেল ক্লার্কও। দলে মাইক হাসি ফেরায় ব্যাটিং শক্তি অনেকটাই বেড়েছে অস্ট্রেলিয়ার।
উপমহাদেশের মরা পিচেও গতির ঝড় তোলার সামর্থ্য আছে টেইট (১০ উইকেট), জনসন (৯ উইকেট) ও লি'র (৮ উইকেট)। যদিও তাদের নিয়ে চিন্তায় আছেন পন্টিং। তারপরও যে কোনো সময় তাদের জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে।
পাকিস্তানের মাঝের সারির ব্যাটসম্যানরা রানের মধ্যেই আছেন। মিসবাহ-উল-হক (১৯২), উমর আকমল (১৬৭) ও ইউনুস খান (১৪১) আফ্রিদিকে নির্ভরতা জোগাচ্ছেন।
ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে আফ্রিদি সামনে থেকেই দলের নেতৃত্ব দিচ্ছেন। এ পর্যন্ত নিয়েছেন ১৬ উইকেট। ১০ উইকেট নিয়েছেন উমর গুল। উইকেট না পেলেও ভালো বল করছেন শোয়েব আখতার ও আব্দুর রেহমান।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ১০ খেলায় মাত্র একবার হারলেও এই খেলায় জোর লড়াই হবে বলে মনে করছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/টিআর/১৬৫৮ ঘ.
bdnews24