২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থমকে গেলো উৎসবের প্রস্ততি

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পরাজয়ের পর সুদূর ক্যারিবীয় দ্বীপবাসীর সঙ্গে বেদনায় একাকার হলো বাংলাদেশও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 05:54 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পরাজয়ের পর সুদূর ক্যারিবীয় দ্বীপবাসীর সঙ্গে বেদনায় একাকার হলো বাংলাদেশও। টাইগার সমর্থকদের আশা ছিলো, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের জয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশও পৌছে যাবে কোয়ার্টার ফাইনালে। কিন্তু এখন তাদের তাকিয়ে থাকতে হচ্ছে শনিবার দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচের দিকে। শেষ আটে খেলতে চাইলে ওই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। বৃহস্পতিবারের মতো আর কখনো এতো বিপুল সংখ্যক মানুষের আন্তরিক সমর্থন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পেয়েছি কি না তা নিয়ে যে কেউ সন্দেহ প্রকাশ করতে পারে। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে বাংলাদেশের উজ্জীবিত দর্শকদের উৎসাহে যেন পানি ঢেলে দেয় ইংলিশ ক্রিকেটাররা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিলের প্রস্তুতি নিয়ে রাখা বাংলাদেশের সমর্থকরা যেন মুহূর্তেই নেতিয়ে পড়েন। থেমে যায় তাদের পটকা, ভুভুজেলা, ঢোল আর বাঁশির সুর। 'ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ' সমন্বিত স্লোগানও থেমে যায় মুহূর্তেই। ড্যারেন সামি আর ক্রিস গেইল যখন ইংল্যান্ড দলের বিপক্ষে মাঠে চার-ছক্কা হাঁকাচ্ছিলেন, বাংলাদেশের কোটি মানুষের হাতহালি আর উল্লাস ধ্বনি যেন পৌঁছে যাচ্ছিল সুদূর চেন্নাইয়ে। কিন্তু ইংলিশ বোলাররা ওয়েস্ট ইন্ডিজ দলের শেষ উইকেটটি তুলে নেওয়ার পর তালি থামিয়ে মাথায় হাত দিয়ে টিভি আর জায়ান্ট স্ক্রিনের সামনে থেকে বিদায় দিতে হয়েছে বাংলাদেশের দর্শকদের। সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আরাফাত জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়েস্ট ইন্ডিজ যখন ভালো খেলছিল, আমি তখন হল থেকে টিএসসির দিকে আনন্দ মিছিলের উদ্দেশ্যে বের হই। হল আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে তখনো উল্লাস চলছে। কিন্তু টিএসসিতে এসে দেখি সব শেষ।" জসীম উদ্দীন হলের শিক্ষার্থী দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খেলার শুরু থেকেই কানায় কানায় ভরে ছিলো হলের টিভি রুম। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সঙ্গে বাংলাদেশই যেন হেরে গেলো।" রোকেয়া হলের শিক্ষার্থী নাহিদা আরেফিন নিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ যেন বাংলাদেশেরই খেলা ছিলো। টিভি রুমে ভিড় ছিলো অন্যদিনের চেয়েও বেশি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলো বলে মন খুব খারাপ হয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/জেকে/২৩৫০ ঘ.