২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আজ উইন্ডিজ জিতলেও মিছিল'

ইংল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ নয়, যেন বাংলাদেশই খেলছে। আর সেই 'বাংলাদেশের' জয়ের প্রার্থনায় পুরো দেশ। জয় উদযাপনেও প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

শফিকুল ইসলাম মিলটন ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- ইংল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ নয়, যেন বাংলাদেশই খেলছে। আর সেই 'বাংলাদেশের' জয়ের প্রার্থনায় পুরো দেশ। জয় উদযাপনেও প্রস্তুত। বৃহস্পতিবারের এ খেলায় ইংল্যান্ড হারলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। না হলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয়ের কোনো বিকল্প থাকবে না টাইগারদের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের চারপাশে মোট চারটি বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সেখানে জড়ো হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। স্লোগানে মুখরিত টিএসসিই যেন এক টুকরো চেন্নাই। সবার চোখেমুখে ওয়েস্ট ইন্ডিজ দলের বিজয়ের অপেক্ষা। ঢাবির সমাজবিজ্ঞানর বিভাগের ছাত্র আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকমকে বলেন, "ওয়েস্ট ইন্ডিজ জিতলেই আমরা আমাদের লক্ষে পৌঁছে যাবো, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে খেলবে।" বাংলাদেশের মানুষের দরদের কারণেই এতোদিন বাংলাদেশ জিতছে- এমন মন্তব্য ছুড়ে দিয়ে রিকশাচালক সাইদুল ইসলাম বললেন, "আজ বাংলাদেশের মানুষের দরদের কারণে ওয়েস্ট ইন্ডিজও জিতবে।" ওয়েস্ট ইন্ডিজ জিতলে মিছিল করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, "আল্লারে ডাকেন, জিতলে মিছিল তো করমুই।" শুধু সাইদুল না, মিছিলে যাওয়ার অপেক্ষায় ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চাঁদনিও। বড় পর্দায় খেলা দেখতে এসে বললেন, "আমি বাংলাদেশের সবগুলো জয়ের পরে মিছিল করেছি। আর আজো তো 'বাংলাদেশই' খেলছে। তাই আজ ওয়েস্ট ইন্ডিজ জিতলে সমস্বরে গেয়ে উঠবো 'আমার সোনার বংলা আমি তোমায় ভালোবাসি'।" তবে পরের খেলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ ভালো করবে- এমন প্রত্যাশাও তার। টিএসসির বড় পর্দা থেকে হলের টেলিভিশন, সবখানেই একই প্রার্থনা। কবি জসীম উদ্দিন হলের ছাত্র কামরুল ইসলাম হলের টেলিভিশন রুমে বসে খেলা দেখতে দেখতে বললেন, "আজকের খেলায় ওয়েস্ট ইন্ডিজই জিতবে। আমরা ভুভুজেলা নিয়ে উৎসব করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি।" এতো প্রার্থনার মাঝেও কেউ কেউ শোনালেন ভিন্ন কথা। যেমন উন্নয়ন অধ্যয়ন বিভাগের ছাত্রী সোনম সাহা অন্যের কাঁধে ভর করে নিজের দেশ ফাইনালে উঠবে তা মানতে নারাজ। "আজকের খেলা ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড তাদের নিজেদের মতো করেই খেলুক। আর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেই কোয়ার্টার ফাইনালে উঠুক। তবেই বিজয়ের আনন্দ সার্থক হবে।" শহীদুল্লাহ হলের ছাত্র হেদায়েতুল্লাহর কণ্ঠেও সেই একই আত্মবিশ্বাস। "সাকিববাহিনী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করার সামর্থ রাখে। তাদের পরাজিত করেই বাংলাদেশ নিজেদের যোগ্যতা প্রমাণ করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসআইএম/এএল/জেকে/১৮২২ ঘ.