২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-দ. আফ্রিকা খেলার টিকেট দেয়া হচ্ছে

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা খেলার টিকেট দেয়া বৃহস্পতিবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা খেলার টিকেট দেয়া বৃহস্পতিবার শুরু হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে সকাল সাড়ে ১০টা থেকে টিকেট দেয়া শুরু হয়। শেষ না হওয়া পর্যন্ত টিকেট দেয়া চলবে। ব্যাংকের ভাউচার দেখিয়ে টিকেট সংগ্রহ করছেন দর্শকরা। খেলা হবে ১৯ মার্চ। এই খেলায় জিতলেই বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। দর্শকদের মাঝেও তাই দারুণ উত্তেজনা। যদিও বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জেতে তাহলেও বাংলাদেশ উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। মিরপুর ৬ নম্বর এলকার গৃহবধু শম্পা টিকেট নেয়ার লাইনে ছিলেন দুই নম্বরে। টিকেট হাতে নিয়ে হাসি মুখে মোবাইল ফোনে সেকথা স্বামীকে জানালেন। বুধবার রাত সাড়ে ১২টায় লাইনে দাঁড়ান তিনি। বলেন, "রাত সাড়ে ১২টায় এসে দেখি একজন দাঁড়িয়ে গেছেন। রাত দেড়টা পর্যন্ত আমি লাইনে ছিলাম। এরপর আমার স্বামী এসে দাঁড়ান। সকাল ৭টায় আবার আমি আসি।" টিকেট পেয়ে তিনি খুবই খুশি হয়েছেন বলে জানান। ছেলেকে নিয়ে খেলা দেখতে যাবেন শম্পা। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখেন মাঠে বসে। বাংলাদেশের দলের জয়ের ব্যাপারে শম্পা আশাবাদী। বলেন, "দক্ষিণ আফ্রিকা ভালো দল। তবে আমার মনে হচ্ছে আমরাই জিতবো। আমাদের দল জয়ের ধারায় রয়েছে। আর দল জিতলে টিকেটের জন্য এত কষ্ট করার কথা মনেই থাকবে না।" তখনো টিকেট হাতে পাননি বনানী বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র রায়হান। মাকে নিয়ে সকাল ছয়টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে। আর ছেলেকে সঙ্গ দিতে গৃহবধু মায়েরও আগ্রহের কমতি নেই। বলেন, "ব্যাংক থেকে ভাউচার নেয়ার সময় পুরো একদিন রাস্তায় বসেছিলাম। ছেলে খেলা দেখতে যেতে পারবে ভেবেই আমার ভালো লাগছে।" প্রত্যেক গ্যালারির জন্য আলাদাভাবে বুথ থেকে দেয়ায় টিকেট সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে না দর্শকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৩০ ঘ.