ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড।
ইংল্যান্ডে জয়ের ফলে বাংলাদেশ, ভারত, ওয়েস্ট ইন্ডিজকে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে মেলাতে হবে অনেক সমীকরণ। বি গ্র"প থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে ব্যাট করতে নেমে ভালো অবস্থানে থেকেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ ওভার ৪ বলে ২৪৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৪ বলে ২২৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ যেন অনুসরণ করে ইংল্যান্ডকে।
উপরের সারির ব্যাটসম্যানরা শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে না পারায় ১৫০ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
তবে মাত্রই নিজের দ্বিতীয় ম্যাচ খেলা আন্দ্রে রাসেল আর রামনরেশ সারওয়ান ৬ষ্ঠ উইকেট জুটিতে ৭২ রানের জুটি গড়ে দলকে দারুণভাবে খেলায় ফিরিয়ে আনেন।
দলীয় ২২ রানে রাসেল (৪৯) সাজঘরে ফিরলেও অবিচল ছিলেন সারওয়ান।
এর আগে কিয়েরন পোলার্ড ২৪, ডেভন থমাস ১০, ড্যারেন সামি ৪১, ড্যারেন ব্র্যাভো ৫, ক্রিস গেইল ৪৩ ও ডেভন স্মিথ ১০ রান করেন।
চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ৫ ওভার রান তুলতে বেশ লড়াই করতে হয় ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাট প্রায়র ও অ্যান্ড্রু স্ট্রাউসের।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা চড়াও হন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর। ৪৮ রানে প্রায়রকে (২১) ফিরিয়ে দিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন আন্দ্রে রাসেল।
রাসেল ১২ তম ওভারে ফেরান স্ট্রাউসকেও (৩১)। তবে ততক্ষণে ইংল্যান্ড তুলে ফেলেছে ৭৯ রান।
স্ট্রাউস ফিরে গেলে ইংল্যান্ডের রানের চাকা সচল রাখেন জোনাথন ট্রট। ২২ তম ওভারের শেষ বলে দলীয় ১২১ রানে ট্রটকে (৪৭) ফিরিয়ে একদিনের ক্রিকেটে নিজের প্রথম উইকেট নেন দেবেন্দ্র বিশু।
ট্রট ফেরার সঙ্গে সঙ্গে শ্লথ হতে থাকে ইংল্যান্ডের রানের চাকা। ২৭তম ওভারে ফর্মে থাকা ইয়ান বেলকে (২৭) ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের বিপদ বাড়ান। ওই একই রানে পরের ওভারে ইয়ান মরগানকে (৭) ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে পথচ্যুত করেন বিশু।
৩৩ তম ওভারে ১৫১ রানে বোপারা (৪) ফিরিয়ে গেলে চরম চাপে পড়ে ইংল্যান্ড। তার পরেও ২৪৩ রান উঠে পরের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায়।
এতে মূল নেতৃত্ব দেন লিউক রাইট। তার ব্যাট থেকে আসে ৪৪ রান। এছাড়া জেমস ট্রেডওয়েল (৯), গ্রায়েম সোয়ান (৮) ও ক্রিস ট্রেমলেট (৩) রান করেন।
টিম ব্রেসন্যান অপরাজিত থাকেন ২০ রানে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রাসেল ৪ উইকেট নেন ৪৯ রানে। বিশু ৩ উইকেট নেন ৩৪ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫০ ঘ.
bdnews24