২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামহাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভাবনা দুই দলেরই

ইংল্যান্ডের জন্য খেলাটি খুবই গুরুত্বপূর্ণ। বাঁচা-মরার এ লড়াইয়ে তারা মরিয়া থাকবে জেতার জন্য। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও চাইবে হেরে জটিল সমীকরণে না যেতে। তাদের এ লড়াইয়ের দিকে বাংলাদেশই শুধু নয়, তাকিয়ে থাকবে ভারতও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 05:12 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের জন্য খেলাটি খুবই গুরুত্বপূর্ণ। বাঁচা-মরার এ লড়াইয়ে তারা মরিয়া থাকবে জেতার জন্য। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও চাইবে হেরে জটিল সমীকরণে না যেতে। তাদের এ লড়াইয়ের দিকে বাংলাদেশই শুধু নয়, তাকিয়ে থাকবে ভারতও। কোয়ার্টার ফাইনালে যেতে হলে বৃহস্পতিবার চেন্নাইয়ে দিবা-রাত্রির এ খেলায় ইংল্যান্ডের জয়ের বিকল্প নেই। শক্তির বিচারে ইংল্যান্ড কিছুটা এগিয়ে বলে মনে হয়। তবে মনে রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজও ফর্মে আছে। তাছাড়া ৬ পয়েন্ট নিয়ে গ্র"পে তাদের অবস্থান এখন তৃতীয়। পয়েন্ট তালিকায় ইংল্যান্ড পিছিয়ে। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তারা এখন পঞ্চম স্থানে। তাদের অবস্থান বাংলাদেশেরও নিচে। বাংলাদেশ ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। এত সব সমীকরণ ইংল্যান্ডের বিপক্ষে, তাই তারা কিছুটা পিছিয়ে থাকারই কথা। তাছাড়া আগের খেলায় বাংলাদেশের কাছে হেরে আরো পিছিয়ে পড়েছে। তারপরও দলটির নাম ইংল্যান্ড, সব প্রতিকূলতা ডিঙিয়ে ঠিকই তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে ওয়েস্ট ইন্ডিজও ছেড়ে কথা বলার দল নয়। তাদের আছে মেধাবী কয়েকজন ক্রিকেটার, যাদের পক্ষে সম্ভব ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া। বিশেষ করে উদ্বোধনীতে ক্রিস গেইল যদি সফল হতে পারেন তাহলে ইংল্যান্ডকে ঠিকই বড় টার্গেট ছুড়ে দেবেন। তাছাড়া কিয়েরন পোলার্ড যদি টিকে যান তাহলে বোলারদের দিনটাই খারাপ যাবে। ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররাও খুব একটা পিছিয়ে নেই। কেমার রোচ দারুণ ফর্মে আছেন, অধিনায়ক ড্যারেন সামি ও সুলেইমান বেন ভালো করে যাচ্ছেন। তাই ইংলিশ ব্যাটসম্যানরা যে অনায়াসেই ভালো কিছু করে ফেলবেন, তাও বলা যাবে না। তাই বলে ইংল্যান্ডকে আবার দুর্বল ভাবা চলবে না। তার মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকতে পারে, কিন্তু দল হিসেবে তাদের ফেভারিটের কাতারে ফেলা যায় নির্দ্বিধায়। তাই সব মিলিয়ে বলা যায়, এ খেলায় যে কেউ জিততে পারে। কাউকে খুব বেশি এগিয়ে রাখা যাবে না। দু'দলেরই জয়ের সম্ভাবনা প্রবল। তবে ব্যাটিংয়ের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং বোলিংয়ে ইংল্যান্ড এগিয়ে থাকবে। ওয়েস্ট ইন্ডিজ জিতলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। তাই ঢাকার মাঠে টাইগারদের ৫৮ রানে গুটিয়ে যাওয়ার সেই স্মৃতি ভুলে বাংলাদেশের সমর্থন থাকবে তাদের দিকেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১১০০ ঘ.