ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হবে এমন খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। এ খেলার ফলাফল টাইগারদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সমীকরণও ঠিক করে দেবে ।
তাই চেন্নাইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার এ খেলায় চোখ থাকবে বাংলাদেশের কোটি মানুষের।
৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে বি গ্র"পে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান তৃতীয়। সমান খেলায় ৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান পঞ্চম। ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা 'বি' গ্র"প থেকে একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ৫ খেলায় ৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
চেন্নাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিলে ওয়েস্ট ইন্ডিজ শুধু নিজেরাই উঠবে না, এক খেলা বাকি থাকতে ভারত ও বাংলাদেশের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে দেবে।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ৭ উইকেটে। পরের খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে ২১৫ রানে। তৃতীয় খেলায় বাংলাদেশের বিপক্ষে জেতে ৯ উইকেটে। পরের খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে জেতে ৪৪ রানে।
ইংল্যান্ড তাদের প্রথম খেলায় ৬ উইকেটে জেতে নেদারল্যান্ডসের বিপক্ষে। পরের খেলায় ভারতের সঙ্গে টাই করে। তৃতীয় খেলায় আয়ারল্যান্ডের কাছে হারে ৩ উইকেটে। পরের খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতে ৬ রানে। পঞ্চম খেলায় বাংলাদেশের কাছে হারে ২ উইকেটে।
এর আগে মোট ৮২ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের জয় ৪১ খেলায়। ইংল্যান্ড জিতেছে ৩৭টিতে। আর ফল আসেনি ৪ খেলায়। তবে বিশ্বকাপে ইংল্যান্ড এগিয়ে ৪-১ ব্যবধানে। এগিয়ে উপমহাদেশে প্রতিদ্বন্দ্বিতায়ও (৩-১)।
এবারের বিশ্বকাপে ইংল্যান্ড মোটেই ধারাবাহিক নয়। শক্তিশালী ভারতের বিপক্ষে টাই ও দক্ষিণ আফ্রিকাকে ৬ রানে হারালেও তুলনামূলক দুর্বল দল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে গ্র"পের সমীকরণ জটিল করে দিয়েছে।
চোটের কারণে স্টুয়ার্ট ব্রড দেশে ফিরে যাওয়ায় ইংল্যান্ডের বোলিং ধার অনেকটাই কমেছে।
বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল গ্রায়েম সোয়ান ও টিম ব্রেসনান। দুজনই ৯টি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ভালো করে আজমল শেহজাদ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের মনে আশা জাগালেও অধিনায়ককে আশ্বস্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন জেমস এন্ডারসন। ৫ খেলায় নিয়েছেন কেবল ৪ উইকেট।
তবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রায় সবাই ফর্মেই আছেন। স্ট্রাউস ও জনাথন ট্রট দারুণ খেলছেন। রানের মধ্যে আছেন ইয়ান বেলও। পাশাপাশি ইয়ান মর্গান ও রবি বোপারাও আশা দেখাচ্ছেন। দুজনে অন্তত একটি করে ভালো ইনিংস খেলেছেন। রানের মধ্যে নেই কেবল ম্যাট প্রায়র ও পল কলিংউড।
একদিকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ফর্মে আছেন, অন্যদিকে দুর্দান্ত বল করছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। সুলেমান বেন ১২ ও কেমার রোচ ১১ উইকেট নিয়ে দলকে টানা জয়ে নেতৃত্ব দিয়ে আসছেন। অধিনায়ক ড্যারেন সামিও ছন্দে আছেন।
সামিকে আশা দেখাচ্ছেন ক্রিস গেইল, ডেভন স্মিথ ও কিয়েরন পোলার্ড। ইংল্যান্ডের অনুজ্জ্বল বোলিং গুঁড়িয়ে দিতে জ্বলে উঠতে পারেন শিবনারায়ন চন্দরপাল, রামনরেশ সারওয়ান, ড্যারেন ব্র্যাভোরাও।
ঠিক সেটাই চাইবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজও চাইবে। কেননা দলটির শেষ খেলার প্রতিপক্ষ ভারত। টানা দুই খেলা হেরে গেলে স্বপ্ন ভেঙে যেতে পারে তাদেরও। অত জটিল হিসেব নিকেশে না গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলতে চাইবে সামির দল।
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও বলেছেন, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ খেলার দিকে তাকিয়ে থাকবেন তারাও। ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের যে বিকল্প থাকবে না সাকিব বাহিনীর।
নিট রান রেটের জটিল হিসেব আরো জটিল কিংবা চুকিয়ে দেওয়ার এ খেলাটি প্রতিশ্র"তি দিচ্ছে কঠিন লড়াইয়ের। ইতিহাসও তাই বলে, পরিসংখ্যানও সেই সাক্ষ্য দিচ্ছে।
হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রমশ নিজেদের ফিরে পাচ্ছে। অন্যদিকে ছোট ছোট কিছু ভুল করলেও প্রতি ম্যাচেই লড়ছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের মতো বাংলাদেশও চাইবে আর একবার তেমন ভুল করুক ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/২০৫০ ঘ.
bdnews24