ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় ক্লান্তি ভর করেছে ইংল্যান্ডের ক্রিকেটারদের উপর- এমন অভিযোগ খারিজ করে দিয়েছেন দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে খেলায় বৃহস্পতিবার চেন্নাইয়ে মাঠে নামার আগে বুধবার অ্যান্ড্রু স্ট্রাউস ক্লান্তির অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখান করেন।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি ইংল্যান্ড ম্যাচ নিয়ে কথা বলার এক পর্যায়ে রসিকতার ছলে বলেন, "এখনই ইংল্যান্ডকে মোকাবেলা করার সেরা সময়। অনেক দিন ধরে দেশের বাইরে আছে। কে জানে কেউ কেউ হয়তো দ্রুত ঘরে ফিরে যেতে চান।"
আর এখানটাতেই আপত্তি ইংল্যান্ড অধিনায়ক স্ট্রাউসের। যদিও তার আপত্তি সত্ত্বেও এ ধারণাই দিনদিন বদ্ধমূল হচ্ছে । আর এটা উস্কে দিয়েছে কেভিন পিটারসেনের টুইটার মেসেজ। তাতে তিনি লিখেছেন, "গত ২৯ অক্টোবর থেকে আমি বন্ধু ও পরিবারের সদস্যদের ভীষণভাবে মিস করছি।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে স্ট্রাউসকে দলের খেলোয়াড়দের চোট নিয়েও ভাবতে হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে দারুণ বল করা আজমল শেহজাদ চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন। শেষ পর্যন্ত শেহজাদ খেলতে না পারলে জেমস অ্যান্ডারসন দলে টিকে যেতে পারেন। তবে তিনি খুব একটা ছন্দে নেই এ মুহূর্তে।
ক'দিন আগে জ্বর থেকে উঠলেন ফর্মের তুঙ্গে থাকা জনাথন ট্রট। চোটের কারণে দেশেই ফিরে গেছেন পিটারসেন ও স্টুয়ার্ট ব্রড।
তবে চোট সমস্যা কাটিয়ে উঠেছেন স্ট্রাউস ও গ্রায়েম সোয়ান। স্ট্রাউস বিশ্বাস করেন দীর্ঘ পথ শেষে লম্বা ছুটির আগে এখনো চারটি ম্যাচ আছে তাদের হাতে। এসব খেলা জিতে শান্তিতেই কাটাতে চান ছুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯২৮ ঘ.
bdnews24