২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বড় জয়

শেন ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিনের অর্ধ-শতকের সুবাদে কানাডার বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 08:40 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেন ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিনের অর্ধ-শতকের সুবাদে কানাডার বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ের ফলে ৫ খেলায় ৯ পয়েন্ট নিয়ে 'এ' গ্র"পের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে কানাডা ৬ খেলায় ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে শেষ হল কানাডার বিশ্বকাপ অভিযান। এর আগে ব্যাঙ্গালোরে টস জিতে ব্যাট করতে নেমে উপরের সারির ব্যাটসম্যানদের দৃঢ়তা সত্ত্বেও ৪৫ ওভার ৪ বলে ২১১ রানে গুটিয়ে যায় কানাডা। অর্ধ-শতক পান হিরাল প্যাটেল। জবাবে ব্যাট করতে নেমে ওয়াটসন ও হ্যাডিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ২১২ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওয়াটসন ও হ্যাডিনের শুরুটা খুব আত্মবিশ্বাসী ছিলো না। একাধিকবার জীবন পেয়েছেন তারা। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ফিরে পান। শেষের দিকে দ্রুত রান তুলে জয়কে পরিণত করেন সময়ের ব্যাপারে। অবশেষ দলীয় ১৮৩ রানে হ্যাডিনকে (৮৮) ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙ্গেন জন ডেভিসন। এটি একদিনের ক্রিকেটে হ্যাডিনের ১৪ তম অর্ধ-শতক। বিশ্বকাপে তৃতীয়। তিনি তার ৮৪ বলের ইনিংসটি সাজান ১১টি চার ও ২টি ছয় দিয়ে। ২ রান পরেই তাকে অনুসরণ করেন ওয়াটসন (৯৪)। ছক্কা হাকিয়ে শতরানে পেছৗছার জন্য হারভির বিদ্বানের বল উঠিয়ে মারতে গেলে লং অনে ধরা পরেন তিনি। এটি বিশ্বকাপে তার চতুর্থ অর্ধ-শতক। একদিনের ক্রিকেটে ২২ তম। তিনি তার ৯০ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা হাঁকান। জয় থেকে ৫ রান দূরে অধিনায়ক রিকি পন্টিং (৭) সাজঘরে ফিরলে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলকে জয় বড় জয় এনে দিতে কোনো ভুল করেন নি মাইকেল ক্লার্ক ও ক্যামেরন হোয়াইট। ৯১ বল অব্যবহৃত রেখে ৭ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়েন। ক্লার্ক ১৬ ও হোয়াইট ৪ রানে অপরাজিত ছিলেন। কানাডার পক্ষে ১টি করে উইকেট নেন হেনরি ওসিন্দে, ডেভিসন ও বিদ্বান। ওয়াটসন বিশ্বকাপে বিদ্বানের ১৩ তম শিকার। চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হন কানাডার দুই উদ্বোধনী ব্যাটসম্যান হিরাল প্যাটেল ও ডেভিসন। বিশেষ করে প্যাটেল। তারা দুজনে মিলে ২৩ বলে ৪১ রানের জুটি গড়ে দলকে ভালো ভিত এনে দেন। ডেভিসন ১৪ রান করে ব্রেট লি'র বলে উইকেটরক্ষক হ্যাডিনের হাতে ধরা পড়েন। তবে রানে তোলার গতি এতে কমেনি। বোলাদের উপর চড়াও হয়ে খেলা চালিয়ে যেতে থাকেন প্যাটেল। মাত্র ৩৭ বল খেলে একদিনের ক্রিকেটে নিজের প্রথম অর্ধ-শতক পূরণ করেন তিনি। দলীয় ৮২ রানে ওয়াটসনের বল উড়িয়ে মারতে গেলে সীমানার কাছে মিশেল জনসনের হাতে ধরা পড়েন প্যাটেল। এরপরই কানাডার রান তোলার গতি কমে আসে। দলীয় ১৫০ রানে শন টেইটের বলে উইকেটরক্ষক হ্যাডিনের হাতে ধরা পড়েন অধিনায়ক আশীষ বাগাই (৩৯)। দলের সঙ্গে আর ৭ রান যোগ হতেই ফিরে যান জিমি হান্সরা (৩) ও জুবিন সারকারি (৩৪)। এর পর একে একে ফিরে যান রিজওয়ান চিমা (২), নিতিশ কুমার (৭), বিদ্বান (১৭), বালাজি রাও (৫) ও কার্ল ওয়াথহাম (১৮)। অস্ট্রেলিয়ার পক্ষে ব্রেট লি ৪৬ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন শন টেইট ও জেসন ক্রেজা। এজন্য টেইট দেন ৩৪ রান ও ক্রেজা দেন ৪৪। এরই মধ্যে এই গ্র"প থেকে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২২০২ ঘ.