২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় নিচ্ছেন ছোট দলের বড় তারকা

বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ও কানাডার খেলায় বুধবার শেষবারের মতো মাঠে নামছেন কানাডার অলরাউন্ডার জন ডেভিসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ও কানাডার খেলায় বুধবার শেষবারের মতো মাঠে নামছেন কানাডার অলরাউন্ডার জন ডেভিসন। ২০০৩ সালের বিশ্বকাপে চমকে দিয়েছিলেন তিনি ক্রিকেট দুনিয়াকে। বিশ্বকাপে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ড ভেঙে জানান দিয়েছিলেন ক্রিকেটকে দেয়ার অনেক কিছুই আছে তার। কানাডার পক্ষে খেললেও ডেভিসনের বেড়ে ওঠেন অস্ট্রেলিয়ায়। সে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা তার জন্য আবেগেরও বটে। এ প্রসঙ্গে তিনি বলেন, "জীবনের অনেকটা সময় কাটিয়েছি আমি অস্ট্রেলিয়ায়। তবে ওই দলে খেলার মতো যোগ্যতা আমার ছিল না। তাই বিশ্বকাপে তাদের বিপক্ষে খেলা হবে দারুণ একটা অভিজ্ঞতা।" ডেভিসন ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে সে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। ৫৫.৫৬ গড়ে নেন ৮৩ উইকেট। পরে কানাডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তিনি। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ২০০৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৭ বলে দ্রুততম শতক হাঁকান। পরে ম্যাথু হেইডেন তার রেকর্ড ভাঙেন। আর হেইডেনের রেকর্ড ভাঙেন কেভিন ও'ব্রায়ান। এবার মাত্র ৫০ বলে শতক হাঁকিয়ে বিশ্বকাপে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ডটি নিজের করে নেন কেভিন। ডেভিসন অবশ্য বলছেন, সে সময় তিনি অনেক ভালো ব্যাট করতেন। তিনি আশা করছেন, এ ধরণের আরেকটি ইনিংস খেলতে পারবেন তার আন্তর্জাতিক ক্রিকেট-জীবনের শেষ খেলায়। ডেভিসন অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন ১৯ খেলায়। মোট ৭৮৫ রান করেন তিনি ৩১ খেলায়। গড় ২৭.০৬। এছাড়া ২৯.৬৫ গড়ে উইকেট নেন ৩৫টি। বিদায় বেলায় ডেভিসনকে প্রসংশায় ভাসিয়েছেন কানাডার অধিনায়ক আশীষ বাগাই ও অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। ১৯৯১ সালে পন্টিং ও ডেভিসন অস্ট্রেলিয়া ক্রিকেট একাডেমিতে একই সঙ্গে প্রশিক্ষণ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮২৮ ঘ.