২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুমিনির ৯৯, শেষ আটে দ. আফ্রিকা

আয়ারল্যান্ডকে ১৩১ রানে হারিয়ে 'বি' গ্র"প থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডকে ১৩১ রানে হারিয়ে 'বি' গ্র"প থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড রয়েছে ছয় নম্বরে। কলকতার ইডেন গার্ডেনে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড। ব্যাট করতে নেমে জেপি ডুমিনির ৯৯ রানের সুবাদে ৭ উইকেটে ২৭২ রান করে দক্ষিণ আফ্রিকা। জয়ের লক্ষ্য ২৭৩ রান তাড়া করতে গিয়ে ৩৩ ওভার ২ বলে ১৪১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের শুরুটাও ছিল দক্ষিণ আফ্রিকার মতো। তবে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরেছে। আর আয়ারল্যান্ড পারেনি। মাঠে নেমেই শুরু হয়ে যায় আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের উইকেট আসা ও যাওয়ার পালা। ফলে বড় কোনো জুটিও গড়ে তুলতে পারেননি তারা। পঞ্চম উইকেটে গ্যারি উইলসন ও কেভিন ও'ব্রায়ানের ৪১ রানই ছিল দলের পক্ষে সবচেয়ে বড় জুটি। উইলসন ও কেভিন দু'জনই শুরুটা ভালোই করেন। কিন্তু বড় করতে পারেননি তারা তাদের ইনিংসকে। দলীয় ৯২ রানের মাথায় রবিন পিটারসনের বলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১৯ রান করেন কেভিন। তার ২৪ বলের ইনিংসে চার রয়েছে দু'টি। এক বল পর ওই ৯২ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন উইলসন। ৪৮ বল খেলে চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। এছাড়া আর কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বোলারদের পক্ষে ৩টি করে উইকেট নেন পিটারসন ও মর্নে মরকেল। এ জন্য পিটারসন দেন ৩২ রান। মরকেল ৩৩। এর আগে আয়ারল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ২৬ ওভার ৩ বলে ১১৭ রানের মধ্যেই ফিরে যান দলের অর্ধেক ব্যাটসম্যান। এরপরই উল্টো পথে হাঁটতে থাকে দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ উইকেটে কলিন ইনগ্রাম ও ডুমিনি ৮৭ রানের জুটি গড়ে তোলেন। দলীয় ২০৪ রানের মাথায় ট্রেন্ট জনসনের বলে বোল্ড হওয়ার আগে ইনগ্রাম ৪৩ বলে করেন ৪৬। চার মারেন সাতটি। তবে হাঁটা বন্ধ হয়নি দক্ষিণ আফ্রিকার। সপ্তম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে তোলেন জোহান বোথা ও ডুমিনি। ২৬৯ রানের মাথায় জন মুনির বলে উঠিয়ে মারতে গিয়ে কেভিনের হাতে ধরা পড়েন ডুমিনি। ৯৯ রান করেন ১০৩ বলে। তিনি তার ইনিংসটি সাজান ছয়টি চার ও একটি ছক্কা দিয়ে। এটি বিশ্বকাপে ডুমিনির প্রথম অর্ধশতক। একদিনের ক্রিকেটে ১৩তম। শেষ পর্যন্ত বোথা অপরাজিত থাকেন ২১ রানে। এর আগে হাশিম আমলা ১৮, অধিনায়ক গ্রায়েম স্মিথ ৭, জ্যাক ক্যালিস ১৯, মর্নে উইক ৪২ ও ফাফ প্লেসিস ১১ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট নেন র‌্যানকিন, জনস্টন, মুনি, জর্জ ডকরেল ও পল স্টার্লিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৫৩ ঘ.