২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে পাকিস্তান

বৃষ্টি বিঘ্নিত খেলায় জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে এ গ্রুপ থেকে চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টি বিঘ্নিত খেলায় জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে এ গ্রুপ থেকে চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দলটির পয়েন্ট চার খেলায় ৮। আর জিম্বাবুয়ের সংগ্রহ পাঁচ খেলায় ২। এর আগে এই গ্র"প থেকে শেষ আটে জায়গা করে নেয় শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ক্রেগ ইরভিনের অর্ধশতকের সুবাদে ৩৯ ওভার ৪ বলে ৭ উইকেটে ১৫১ রান করে জিম্বাবুয়ে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য পাকিস্তানকে ৩৮ ওভারে ১৬২ রানের লক্ষ্য বেঁধে দেয়া হয়। রান তাড়া করতে গিয়ে আসাদ শফিকের অর্ধশতকের সুবাদে ৩৪ ওভার ১ বলে জয়ের লক্ষ্য ১৬২ টপকে ১৬৪ রানে পৌঁছে যায় শহিদ আফ্রিদির দল। তখনো হাতে ছিল ২৩ বল। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ সুবিধা করতে না পারলেও মোহাম্মদ হাফিজ বেশ ভালো ব্যাট করেন। দলীয় ১৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান শেহজাদ (৮)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে হাফিজ ও আসাদ শফিক ৮২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। সেই সঙ্গে জয়ের পথে দলকে এগিয়ে নেন অনেকখানি। হাফিজ ৪৯ রান করে সাজঘরের পথ ধরেন। তখন দলের রান ছিল ৯৯। হাফিজের ৬৫ বলের ইনিংসে চার রয়েছে ৬টি। বিশ্বকাপে এটাই হাফিজের সর্বোচ্চ রান। এরপরই অধিনায়ক শহিদ আফ্রিদি (৩) বিদায় নেন ১১০ রানের মাথায়। চতুর্থ উইকেট জুটিতে শফিক ও ইউনুস খান ৫৪ রান তুলে দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। শেষ পর্যন্ত শফিক ৭৮ ও ইউনুস ১৩ রানে অপরাজিত থাকেন। শফিক তার ৯৭ বলের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে। বিশ্বকাপে এটি তার প্রথম অর্ধশতক। আর একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান। জিম্বাবুয়ের পক্ষে রে প্রাইস ২ উইকেট নেন ২১ রানে । এর আগে জিম্বাবুয়ের ইনিংসের ২৮তম ওভারে প্রথম দফায় বৃষ্টির কারণে দেড় ঘন্টা খেলা বন্ধ থাকে। ফলে কাটা হয় ৭ ওভার। ৪০তম ওভারে আবারো বৃষ্টি নামলে তখনই ইতি টানা হয় জিম্বাবুয়ের ইনিংসের। এর আগে মাত্র ৪৩ রানের মধ্যে ব্রেন্ডন টেলর (৪), রেগিস চাকাবভা (০), ভুসি সিবান্দা (৫) ও তাতেন্দা তাইবু (১৯) বিদায় নিলে বিপদে পড়ে জিম্বাবুয়ে। এ অবস্থায় হাল ধরে গ্রেগ ল্যাম্ব ও ইরভিন বিপদ থেকে কিছুটা হলেও দলকে টেনে তোলেন। ৮৪ রানের মাথায় ল্যাম্ব ১৬ রান করে আফ্রিদির বলে সাজঘরের পথ ধরেন। ১০৩ রানের মাথায় মোহাম্মদ হাফিজের বলে বোল্ড হওয়ার আগে ইরভিন করেন ৫২। এটি বিশ্বকাপে তার দ্বিতীয় ও একদিনের ক্রিকেটে তৃতীয় অর্ধশতক। ইরভিনের ৮২ বলের ইনিংসে চার রয়েছে ৫টি। দলের পক্ষে সবচেয়ে বড় ৪৮ রানের জুটি গড়ে তোলেন প্রসপার উৎসেয়া ও অধিনায়ক এলটন চিগুম্বুরা। সেই সঙ্গে দলকে এনে দেন লড়াই করার মতো পুুঁজি। ৩৯ ওভার ৪ বলে উৎসেয়ার (১৮) বিদায় নেয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। তখন চিগুম্বুরা ৩২ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের পক্ষে উমর গুল ৩ উইকেট নেন ৩৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩১৩ ঘ.