ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন চূড়ায়। প্রতিটি খেলোয়াড়ই এখন নির্ভার, ফুরফুরে মেজাজে। তাই নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিতভাবেই জয় পাবে বাংলাদেশ।
তবে অতি আত্মবিশ্বাসী না হয়ে, ভেবেচিন্তে খেলা উচিত। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে গেলেই জয়টা অনায়াসেই আসবে। কারণ একটু সতর্ক না হয়ে খেললে অনেক সময় পচা শামুকেও পা কাটার সম্ভাবনা থেকে যায়।
২০০৩ বিশ্বকাপে কানাডার মতো দলের কাছে দলের কাছে হেরেছিলো বাংলাদেশ। কানাডার ১৮০ রানও চেজ করতে পারেনি। ১২০ রানে থেমে গিয়েছিলো বাংলাদেশের ইনিংস। তাই যতই সহজ প্রতিপক্ষ হোক না কেন, সতর্কতায় ঢিল দেওয়া যাবে না।
আর নেদারল্যান্ডসকে একেবারেই দুর্বল দল ভাবা উচিত হবে না। কারণ এ দলটির কয়েকজন খেলোয়াড় কাউন্টি ক্রিকেটে খেলে থাকেন। এমন কয়েকজন খেলোয়াড় আছেন, যাদের পক্ষে সম্ভব চরম বিপর্যয়ের মুহূর্তেও দৃঢ়তা দেখিয়ে দলকে রক্ষা করা।
তবে এ খেলায় বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসতে পারে। সোহরাওয়ার্দী শুভ ও শাহরিয়ার নাফীস দলে জায়গা পেতে পারেন বলে আমার মন হয়। দলের ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য শাহরিয়ার নাফীসকে সুযোগ দেওয়া উচিতও।
তাই সব কিছু যদি ঠিকভাবে হয়, তাহলে এ খেলায় বাংলাদেশ ভালোভাবেই জিতবে। বাংলাদেশ দলের বোলাররা প্রতি ম্যাচেই নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলে যাচ্ছে। তবে কিছুটা চিন্তার কারণ ব্যাটসম্যানদের নিয়ে।
অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবাল রান পেলেও অন্যরা নিজেদের ঠিক মেলে ধরতে পারছেন না। প্রতিটি ম্যাচেই ব্যাটসম্যানদের ধারবাহিকতার অভাব ভালোভাবেই ফুটে উঠছে।
এ বিষয়টি নিয়ে একটু ভালোভাবেই ভাবতে হবে। তাহলেই পরিপূর্ণতা পাবে। ফলও ভালো হবে।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ক্রিকেট বিশ্ব এখন নতুন করে ভাববে বাংলাদেশ দলকে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়া যে নিছকই অঘটন ছিলো, তা প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ দল। এখন প্রয়োজন ধারাবাহিকতা।
নেদারল্যান্ডসের বিপক্ষে সে ধারাবাহিকতা ভালোভাবেই বজায় রাখবে বলে আমার বিশ্বাস।
পাকিস্তান ও জিম্বাবুয়ে
আগের খেলায় হেরে পাকিস্তান দলটি কিছুটা পিছিয়ে আছে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে তারা সহজেই জিতবে বলে আমার বিশ্বাস।
তারপরও পাকিস্তানকে কিছুটা সতর্ক হয়ে খেলতে হবে। কারণ গত কয়েকটি খেলায় ছোট দলগুলো যেভাবে প্রতিরোধ গড়ে আসছে, তা তাদের জন্যও একটা সতর্ক বার্তা। তাই জিম্বাবুয়েকে একেবারেই হালকা ভাবলে চলবে না।
জিম্বাবুয়ে দলে বেশ কয়জন ভালোমানের খেলোয়াড় আছেন, যাদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
পাকিস্তানের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। প্রতিটি বিভাগেই তাদের আছেন ভালোমানের খেলোয়াড়। তাদের ব্যাটসম্যানরা রানে আছেন, বোলাররা আছেন ফর্মে। সবমিলিয়ে এ খেলায় পাকিস্তান ভালোভাবেই এগিয়ে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৮৪৫ ঘ.
bdnews24