ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কানাডাকে ৯৭ রানে হারিয়ে এ গ্র"প থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
এ জয়ের ফলে ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে টপকে এ গ্র"পে তালিকার শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ৫ খেলায় ২ পয়েন্ট নিয়ে কানাডা আছে তালিকার ছয় নম্বরে।
মুম্বাইয়ে বিশ্বকাপের ৩০তম খেলায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান কানাডার অধিনায়ক আশীষ বাগাই। ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককালামের শতরান ও রস টেলরের ঝড়ো অর্ধশতকের সুবাদ ৬ উইকেটে ৩৫৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬১ রানে থেমে যায় কানাডার ইনিংস।
৩৫৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে কাইল মিলসের জোড়া আঘাতে শুরুটা ভালো হয়নি কানাডার। ৪ ওভার ৩ বলে ৪ রানে দুই উইকেট হারিয়ে পথ হারায় কানাডা।
চোটের কারণে ড্যানিয়েল ভেট্টোরি না খেলার কারণে এমনিতেই নিউজিল্যান্ডের বোলিং অনেকটা শক্তি হারিয়েছিলো মাত্র ২ ওভার ৪ বল করে মিলসও মাঠ ছাড়লে নিউজিল্যান্ড বিপদেই পড়ে।
২ রানে ২ উইকেট নিয়ে মিলস মাঠ ছাড়ার পরও কানাডা জয়ের জন্য নয় খেলেছে পরাজয়ের ব্যবধান কমানোর লক্ষ্যে। চতুর্থ উইকেটে ১২৫ রানের জুটি গড়ে এ কাজে নেতৃত্ব দেন আশীষ বাগাই ও জিমি হানসারা। অর্ধ শতক পান দুজনই।
বাগাই ৮৭ বলে খেলেন ৮৪ রানের দারুণ এক ইনিংস। বিশ্বকাপে নিজের সর্বোচ্চ রানের ইনিংসটি সাজান ১০ চার দিয়ে। এটি একদিনের ক্রিকেটে বাগাইয়ের ১৬তম অর্ধশতক। বিশ্বকাপে দ্বিতীয়।
অন্যদিকে ধৈর্য্যরে প্রতিমূর্তি ছিলেন হানসারা। চোটের কারণে এক পর্যায়ে অবসরে গেলেও দ্রুত উইকেট পড়ে যাওয়ায় আবার মাঠে নামেন তিনি। ১০৫ বলে খেলেন ৭০ রানের হার না মানা দারুণ ইনিংস। একদিনের ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ। বিশ্বকাপ ও একদিনের ক্রিকেটে এটা তার দ্বিতীয় অর্ধশতক।
এছাড়া হিরাল প্যাটেল ৩১ ও খুররম চৌহান ২২ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে জ্যাকব ওরাম ৪৭ রানে নেন ৩ উইকেট।
এর আগে উপরের সারির তিন ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের শুরুটা হয় বেশ সাবধানী। উদ্বোধনী জুটিতে উঠে ৫৩ রান। ১৭ রান করে সাজঘরে ফেরেন মার্টিন গুপটিল।
দ্বিতীয় উইকেটে ম্যাককালাম ও জেসি রাইডার ৯৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে শক্ত ভীত গড়ে দেন। ৩০ তম ওভারে রাইডার (৩৮) সাজঘরে ফিরলেও নিউজিল্যান্ডের উপর কোনো প্রভাব পড়েনি।
রস টেলরের সঙ্গে তৃতীয় উইকেটে ৩৬ রানে ছোট জুটি গড়ার পথে বিশ্বকাপে নিজের প্রথম শতরান পান ম্যাককালাম। এটি একদিনের ক্রিকেটে তার তৃতীয় শতক। শেষ পর্যন্ত ১০৯ বলে ১২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১০১ রান করে ৩৭ তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন তিনি। দলের রান তখন ১৮৫।
এ রান করার ফাঁকে নিউজিল্যান্ডের অষ্টম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে চার হাজার রানের মাইল ফলক অতিক্রম করেন ম্যাককালাম।
এর পর শুরু হয় টেলর ঝড়। অন্যপ্রান্তে সঙ্গী নাথান ম্যাককালাম। পাকিস্তানের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেন টেলর। দলকে ২৫৪ রানে রেখে ৪১ তম ওভারে সাজঘরে ফেরেন তিনি। ৫ রান পরেই তাকে অনুসরন করেন নাথান (১০)।
টেলর ৪৪ বলে খেলা ৭৪ রানের ইনিংসটি সাজান ৬টি চার ও ৫টি ছক্কা দিয়ে।
৪৩ তম ওভারের প্রথম বলে নাথান সাজঘরে ফেরার পর কেন উইলিয়ামসন, স্কট স্টাইরিস ও জেমস ফ্রাঙ্কলিন রীতিমত ঝড় তুলেন। অপেক্ষাকৃত শান্ত ছিলেন ৩৪ রানে অপরাজিত উইলিয়ামসন। ২৭ বলে ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি।
স্টাইরিস ছিলেন বেশ আগ্রাসী। ২০ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এ রান করতে ৩টি চার ও ২টি ছয় হাঁকান স্টাইরিস।
তবে আগের সবাইকে টেক্কা দিয়ে 'ক্যামিও' ইনিংস কাকে বলেন সেটা বুঝিয়ে দিয়েছেন ফ্রাঙ্কলিন। খেলেছেন মোটে বল। তাতেই উঠেছে ৩১ রান। ২টি চার ও ৩টি ছয় মেরে এ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।
শেষ ৮ ওভারে ৯৯ রান তুলে নিউজিল্যান্ড। আর শেষ ১৩ ওভারে ১৭৩।
কানাডার পক্ষে হারভির বিদ্বান ৮৪ রানে নেন ৩ উইকেট। বালাজি রাও ৬২ রানে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪৮ ঘ.
bdnews24