ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দল একটু খারাপ করলেই তিরস্কার করার পক্ষে নন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বাংলাদেশ দলকে উৎসাহ দিতে হবে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটু খারাপ খেললেই তিরস্কার করা হবে- আমি তার পক্ষে নই। বাংলাদেশ দলকে উৎসাহ দিতে হবে।
"কালকে [শুক্রবার] অনেকে খেলার এক পর্যায়ে স্টেডিয়াম ছেড়ে চলে গেছে। আমি টেলিভিশনের সামনে বসে ছিলাম। আমার বিশ্বাস ছিলো- বাংলাদেশ জিতবে। বাংলাদেশ জিতেছেও।"
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ১৯তম সম্মেলন ও বিশেষ বার্ষিক সাধারণ সভা-২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন হাসিনা।
কোয়ার্টার ফাইনালের আশা জাগিয়ে রাখতে হলে বাংলাদেশকে শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হতো বাংলাদেশকে। সাপ্তাহিক ছুটির দিনে শেখ হাসিনা গণভবনে পুরো খেলা দেখেন টেলিভিশনে।
হাসিনা শনিবার বলেন, কেউ আর কোনো কথা বলতে পারবে না। কালকে, ব্যাটিং-বোলিং সব ক্ষেত্রেই বাংলাদেশ ভালো করেছে।
"বাংলাদেশে পারে, বাংলাদেশের মানুষরা যে পারে- বাংলাদেশের টাইগাররা তা দেখিয়েছে।"
শেখ হাসিনা খেলার পর দু'দলের খেলোয়াড়দের হোটেলে ফিরে যাওয়া নিজেই তদারকি করেন ঢাকা থেকে। চট্টগ্রামে উল্লাস প্রকাশ করতে সকলে রাস্তায় নেমে আসে। তাই খেলোয়াড়দের হোটেলে ফিরতে রাত প্রায় ২টা বেজে যায়। এই পুরো সময়ই পুলিশের মহা-পরিদর্শক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে যোগাযোগ রাখেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮১৫ ঘ.
bdnews24