ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একে একে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড নিজের করে নিচ্ছেন শচীন টেন্ডুলকার। আর মাত্র একটি শতরান পেলে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের শতক হয়ে যাবে তার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতরানে পৌঁছে একদিনের খেলা ও পাঁচ দিনের খেলা মিলিয়ে শতরানের শতকের পথে আরো একধাপ এগিয়ে গেলেন তিনি। নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ বলে ৮ চার ও ৩ ছয়ের সাহায্যে ১১১ রান করেন শচীন।
পাঁচ দিনের খেলায় ৫১ শতকের পর, এবার আদায় করে নিলেন এক দিনের খেলায় ৪৮তম শতক। সব মিলিয়ে ৯৯ শতক শচীনের।
এই শতকের সুবাদে সৌরভ গাঙ্গুলি, মার্ক ওয়াহ ও রিকি পন্টিংকে ছাড়িয়ে আরো একধাপ উপরে উঠে গেলেন শচীন। বিশ্বকাপে এ তিন জনেরই রয়েছে ৪টি করে শতক। ৬ষ্ঠ বিশ্বকাপে এসে ৬ষ্ঠ শতক পেলেন শচীন। এবারের আসরে এটি তার দ্বিতীয় শতক। এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও শতরান করেন তিনি।
এক দিনের খেলায় শচীনের পিছনে থাকা পন্টিংয়ের শতক ২৯টি।
বিশ্বকাপে ৪১* খেলায় অংশ নেয়া শচীন ৬০.৫৭ গড়ে করেছেন ২১২০ রান। বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান। তালিকার দুই নম্বরে থাকা পন্টিংয় ৪২ খেলায় ৪৬.৩৮ গড়ে করেছেন ১৫৭৭ রান।
এক বিশ্বকাপে সর্বোচ্চ রান করার রেকর্ডটাও শচীনেরই। ২০০৩ এর আসরে ১১ খেলায় করেন ৬৭৩ রান। দুুই নম্বরে থাকা ম্যাথু হেইডেন ২০০৭ এর আসরে ১১ খেলায় করেন ৬৫৯ রান। ১৯৯৬ এর বিশ্বকাপে ৭ খেলায় ৫২৩ রান করে শচীন ওই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন।
১২৪.০০ গড়ে ৩৭২ রান করা ল্যান্স ক্লুজনার এক দিক থেকে শচীনকে (৬০.৫৭) ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি গড়ের মালিক তিনিই। আর এক হাজারের বেশি রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে কেবল স্যার ভিভিয়ান রিচার্ডসের গড়টাই (৬৩.৩১ গড়ে ১০১৩ রান) শচীনের চেয়ে বেশি।
এক দিনের খেলায় ৪৮ শতক, ৯৩ অর্ধশতকসহ ৪৫.২২ গড়ে শচীনের রান ১৭৯৫৩। সর্বোচ্চ ২০০*। ৪৪৯ খেলায় অংশ নিয়ে ব্যাট করছেন ৪৩৮ ইনিংসে।
এক দিনের খেলায় শচীনের অভিষেক হয় ১৮ ডিসেম্বর ১৯৮৯ সালে, পাকিস্তানের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮১৫ ঘ.
bdnews24