চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় হারের দুঃসহ স্মৃতি মুছে যাবে সাগরিকায়- এ আশা করেই বাংলাদেশি ক্রিকেটমোদীরা ভিড় জমিয়েছেন বন্দরনগরীতে; যেখানে দিবারাত্রির খেলায় ইংল্যান্ডের সঙ্গে লড়বে টাইগাররা।
সাগরিকার জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে খেলা, স্টেডিয়ামের ফটক খুলেছে ১১টায়। তবে ভিড় ছিলো ভোর থেকেই।
চট্টগ্রামে দুটি খেলার প্রথমটিই হচ্ছে শুক্রবার। আরেকটি খেলা হবে আগামী মঙ্গলবার।
বিশ্বকাপ আয়োজন ঘিরে চট্টলবাসীর উৎসাহের কমতি নেই। আর অন্যদিকে বাংলাদেশের খেলা, তা বিভিন্ন স্থান থেকে ক্রীড়ানুরাগীরা এসেছেন সমুদ্রতীরের পাহাড় ঘেরা এ নগরী চট্টগ্রামে।
ঢাকা-চট্টগ্রাম রুটের রাতের ট্রেন তূর্ণা নিশিথা এক্সপ্রেসে বৃহস্পতিবার যত যাত্রী ছিলো, তাদের বেশিরভাগই খেলার দর্শক। খেলা দেখতেই ট্রেনে করে চট্টগ্রামের পথে এ যাত্রা তাদের।
ঢাকার কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন আসতে প্রায় এক ঘণ্টা দেরি হয়, তবে সেদিকে কারো মনোযোগই ছিলো না। সবার কথার বিষয় ছিলো- খেলায় ফলাফল কী হবে। বাংলাদেশ কি জিতবে। না হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ থেকে ছিটকে যাবে।
গত শুক্রবারের হারের পরও জয়ের আশাই সবার মনে। ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবশ্যই আমরা জিতবো।"
এহাবের মতো প্রত্যাশা প্রায় সবারই, যাদের অনেকের গায়েই বাংলাদেশের জার্সি। দলকে চাঙা করতে স্টেডিয়াম মাতিয়ে রাখার ইচ্ছা তাদের। দুঃসময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর কথাও বললেন অনেকে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফয়সাল বললেন, "আমরা দলকে উৎসাহ দিয়ে যাবো। খেলোয়াড়দের এখন আমাদের সমর্থন প্রয়োজন।"
প্ল্যাটফর্মে থেকে থেকে 'বাংলাদেশ-বাংলাদেশ' স্লোগানও উঠছিলো, কয়েক তরুণের দল বাজাচ্ছিলো ড্রাম। অনেকের হাতে ছিলো ভুভুজেলা। মাথায় বাঁধা ছিলো লাল-সবুজ পতাকা।
ভুভুজেলা বাজাতে বাজাতেই রেজা ফরহাদ বললেন, "ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছি, তাতে কী হয়েছে, আমি আশা ছাড়ছি না। এ খেলায় জিতে আবার লড়াইয়ে ফিরবো আমরা।"
গত শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের হারের সাক্ষী ছিলেন তিনি। তার মতোই আশায় বুক বেঁধে আছে কোটি বাংলাদেশি।
দুই ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়লো, অযুত 'স্বপ্ন' নিয়ে চললো চট্টগ্রামের পথে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এমআই/১২১৫ ঘ.
bdnews24