ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ সহজেই ৪৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
মোহালিতে বিশ্বকাপ ক্রিকেটের ২৭তম খেলায় শুক্রবার টস জিতে আয়ারল্যান্ডের অধিনায়ক উইলয়াম পর্টারফিল্ড ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজকে। ব্যাট করতে নেমে ডেভন স্মিথের শতকের সুবাদে ২৭৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
রান তাড়া করতে গিয়ে ৪৯ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
এ জয়ের ফলে ৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ উঠে এসেছে বি গ্র"পের দ্বিতীয় স্থানে। ৪ খেলায় ২ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড আছে ছয় নম্বরে।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ২১ ওভারে ৮৬ তুললেও সাজঘরে ফিরে যান পল স্টার্লিং (৫), পর্টারফিল্ড (১১) ও নিল ও'ব্রায়েন (২৫)।
এ অবস্থায় হাল ধরেন এড জয়েস ও গ্যারি উইলসন। ৯১ রানের জুটি গড়ে তারা ইনিংস শুধু মেরামতই করেননি, লড়াইয়ের ইঙ্গিতও দিতে থাকেন। কিন্তু দলীয় ১৭৭ রানের মাথায় আন্দ্রে রাসেলের বলে জয়েস বোল্ড হয়ে গেলে ধাক্কা খায় আয়ারল্যান্ড।
১০৬ বলে ৮৪ রান করেন তিনি। বয়েড তার ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে। এটি বিশ্বকাপে তার তৃতীয় অর্ধশতক। একদিনের ক্রিকেটেও তিন নম্বর।
১৯৯ রানের মাথায় উইলসন সাজঘরে ফিরে গেলে পথ হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। এরপর আর পথে ফেরা হয়ে ওঠেনি তাদের।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক অধিনায়ক ড্যারেন সামির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে উইলসন করেন ৬১ রান। তার ৬২ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা রয়েছে। এটি বিশ্বকাপে তার প্রথম অর্ধশতক। একদিনের ক্রিকেটে পঞ্চম।
এরপর ১৯৯ থেকে ২৩১, এই ৩২ রানের মধ্যে সাজঘরে ফিরে যান চার ব্যাটসম্যান। তাদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল জর্জ ডকরেল (১৯)।
বয়েড র্যানকিন অপরাজিত থাকেন ৫ রানে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সুলেমান বেন ৪ উইকেট নেন ৫৩ রানে। সামি ৩১ রানে নেন ৩ উইকেট।
এর আগে ৮৯ রানের শক্ত ভিত্তি গড়ে দেন স্মিথ ও শিবনারায়ন চন্দরপল। কিন্তু ৩৫ রান করে চন্দরপলের বিদায়ের পর দ্রুত সাজঘরের পথ ধরেন ড্যারেন ব্রাভো (০) ও রামনরেশ সারোয়ান।
চতুর্থ উইকেট জুটিতে স্মিথ ধীরে সুস্থে খেলে গেলেও অন্য প্রান্তে ঝড় তোলেন কিয়েরন পোলার্ড। দলের সঙ্গে তারা ৮৮ রান যোগ করলে বড় সংগ্রহের ইঙ্গিত মিলতে থাকে। ২১৮ রানের মাথায় কেভিন ও'ব্রায়ানের বলে বোল্ড হওয়ার আগে স্মিথ তার শতক আদায় করে নেন। ১৩৩ বলে ১০৭ রান করার পথে ১১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। বিশ্বকাপে এটি তার প্রথম শতক। একদিনের ক্রিকেটেও প্রথম।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে চলতেই থাকে পোলার্ডের ঝড়। সেই ঝড় থামে ২৬৭ রানের মাথায়। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৯৪ রান করে জন মুনির বলে র্যানকিনের হাতে ধরা পড়েন তিনি। মাত্র ৫৫ বল খেলে মারেন ৮টি চার ও ৫টি ছক্কা।
এটি একদিনের ক্রিকেট জীবনে এটি পোলার্ডের তৃতীয় অর্ধশতক। বিশ্বকাপে দ্বিতীয়। এছাড়া একদিনের ক্রিকেট জীবনে এটি পোলার্ডের সর্বোচ্চ রানও।
ওয়েস্ট ইন্ডিজের শেষের ছয় ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে মাত্র ১৭ রান। এর মধ্যে নিকিতা মিলার সবচেয়ে বেশি ৫ রান করে অপরাজিত থাকেন।
আয়ারল্যান্ডের পক্ষে কেভিন ও'ব্রায়ান ৪ উইকেট নেন ৭১ রানে।
ক্রিস গেইল চোটের কারণে দলে না থাকায় স্মিথের সঙ্গে ইনিংসের উদ্বোধন করেন শিবনারায়ন চন্দরপল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯০৩ ঘ.
bdnews24