২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে: সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার সাকিব সাংবাদিকদের জানান, ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জানজনক হারের পর খেলোয়াড়রা ইতিমধ্যে মানসিক দৃঢ়তা ফিরে পেয়েছে। "অতীতে বাংলাদেশ ধ্বংসস্তূপ থেকে অনেকবার ঘুরে দাঁড়িয়েছে। শুক্রবারের ম্যাচেও খেলোয়াড়রা ঘুরে দাঁড়াবে বলে আমি আত্মবিশ্বাসী।" বৃহস্পতিবারের অনুশীলনে দলের গুরুত্বপূর্ণ পেসার নাজমুল হোসেন সামান্য আঘাত পেয়েছেন। তা তেমন মারাত্মক কিছু নয় বলে জানান বাংলাদেশ অধিনায়ক। ইংল্যান্ডের সঙ্গে গ্র"প পর্বের ম্যাচের আগের দিন (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন সাকিব। নিজের পারফর্ম্যান্সের সঙ্গে দলীয় উন্নতিও চান তিনি। গত তিনটি ম্যাচে নিজের পারফর্ম্যান্স নিয়ে কিছুটা সন্তোষ প্রকাশ করে সাকিব বলেন, এ পারদকে আরও বড় উচ্চতায় নিয়ে যেতে চাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব জানান, ইংল্যান্ডের মতো দেশের বিরুদ্ধে খেলায় কোনো বিশেষ কৌশলের চেয়ে দলীয় সেরা খেলাটাকেই বড় করে দেখছেন তিনি। প্রতিপক্ষ ইংল্যান্ড বলে বাংলাদেশ অধিনায়ক একটু বেশি সতর্ক উল্লেখ করে সাংবাদিকদের বলেন, পিটারসেন বা স্টুয়ার্ড ব্রডের মতো দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকা সত্ত্বেও তারা অনেক ভাল দল। তাদের অনুপস্থিতিতে দলের সুবিধা নিয়ে ভাবতে রাজি নন তিনি। "ভারত ছাড়া সর্বশেষ অনুষ্ঠিত দুটি ম্যাচেই বাংলাদেশ দলের ব্যাটিং পারফর্ম্যান্স ভাল ছিল না। সেজন্য চট্টগ্রামে গত কয়েকদিনের অনুশীলনে ব্যাটিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে বেশি। তা ম্যাচে কাজে লাগাতে হবে।" তিনটি ম্যাচে টস জিতলেও এর সুবিধা তেমন নিতে না পারায় তাকে গুরুত্বপূর্ণ ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ব্যাটে-বলে কিছু করতে না পারলে টস জিতে কোন লাভ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৩৫ ঘ.