ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাগজে-কলমে ঢের এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরই মধ্যে আয়ারল্যান্ড দেখিয়ে দিয়েছে ক্রিকেট খেলাটা বেশ ভালোই বোঝে, তাই ছেড়ে কথা কইবে না তারা।
বিশ্বকাপ ক্রিকেটের ২৭তম খেলা মোহালিতে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
ওয়েস্ট ইন্ডিজ ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে আছে বি গ্র"পের ৩ নম্বরে। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড আছে পঞ্চমে।
ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ৭ উইকেটে। পরের খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে ২১৫ রানে। তৃতীয় খেলায় বাংলাদেশের বিপক্ষে জেতে ৯ উইকেটে।
আয়ারল্যান্ড নিজেদের প্রথম খেলায় বাংলাদেশের কাছে ২৭ রানে হারে। পরের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে জেতে ৩ উইকেটে। তৃতীয় খেলায় ভারতের কাছে হারে ৫ উইকেটে।
এর আগে তিনবার খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ
জিতেছে দুইবার। এর একটি ২০০৭ সালের বিশ্বকাপে। পরিত্যক্ত হয় অপর খেলাটি।
প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও পরের দুই খেলায় বড় ব্যাবধানে জিতে বি গ্র"প থেকে দ্বিতীয় পর্বে খেলার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল করে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
কিছুদিন আগেও দিনকাল ভালো যাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপে এসে হঠাৎ করেই যেন পাল্টে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হার মানে তারা। এরপরই ছন্দ ফিরে পায় তারা। শেষ দুই খেলায় তো রীতিমতো আগুন ঝরিয়েছেন বোলাররা।
উপমহাদেশের স্পিন-সহায়ক পিচেও ড্যারেন সামির ভরসা পেসাররা। বিশেষ করে, কেমার রোচ। নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাট্রিকের পর বাংলাদেশের বিপক্ষেও দারুণ বল করে নজর কেড়েছেন সবার।
নতুন বলে রোচের সঙ্গী সামি নন, সুলেমান বেন। প্রতি খেলাতেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করছেন বেন। শুরুতে উইকেট নিয়ে প্রতিপক্ষের পরিকল্পনার গোড়ায় জল ঢেলে দেয়ার কাজটা বেশ ভালোভাবেই করছেন তিনি।
ব্যাটিং নিয়ে মোটেও ভাবছেন না সামি। বিশ্বসেরা উদ্বোধনী ব্যাটসম্যানদের একজন ক্রিস গেইল রয়েছেন দলে। দলকে কিভাবে এগিয়ে নেবেন সেটা তার ওপরেই ছেড়ে দিয়েছেন সামি।
ডেভন স্মিথ, ড্যারেন ব্র্যাভো খেলছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। দলে আছেন শিবনারায়ন চন্দরপল, রামনরেশ সারওয়ানের মতো অভিজ্ঞ ক্রিকেটার। তাদের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আসলেও নেই। এছাড়া এ দু'জনেরই আয়ারল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানোর অভিজ্ঞতা রয়েছে।
আর 'ব্যাটিং পাওয়ার প্লে'তে ঝড় তোলার জন্য প্রস্তুত কিয়েরন পোলার্ড। প্রয়োজনে বল হাতেও দারুণ কার্যকর তিনি।
ওয়েস্ট ইন্ডিজের মূল শক্তি যেমন পেস বোলাররা। তেমনি আয়ারল্যান্ডের মূল শক্তিও পেস বলে ভালো ব্যাটিং করা। সে কারণে পেস দিয়ে আয়ারল্যান্ডকে আটকানো খুব সহজ হবে না।
কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকায় ইংল্যান্ডের মতো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সম্পর্কেও ভালোই জানা শোনো আছে আয়ারল্যান্ডের ক্রিকেটারদের।
উইলিয়াম পর্টারফিল্ড, নিল ও'ব্রায়ান, কেভিন ও'ব্রায়ান, পল স্টারলিং, এড জয়েস ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পরীক্ষা নিতে পারেন।
ছন্দেই আছেন দলের ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের পর ভারতের বিপক্ষেও শুরুটা ভালো করে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত স্পিনের কাছে পেরে না উঠলেও ওয়েস্ট ইন্ডিজের জন্য সতর্কবার্তা রয়েছে ওই খেলায়।
দলে অনেক বেশি অলরাউন্ডার থাকায় অনেক বোলিং বিকল্প আছে পর্টারফিল্ডের হাতে। নিয়মিত বোলারদের পাশাপাশি অলরাউন্ডাররাও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন।
বাংলাদেশকে ২০৫ রানে থামিয়ে দেয়ার পর ভারতের বিপক্ষে ২০৭ রানের ছোট পঁুঁজি নিয়ে ৪৬ ওভার পর্যন্ত লড়াই করে বোলিং শক্তির প্রমাণ দিয়েছে আয়ারল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৪১ ঘ.
bdnews24