২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উমরের কাছে জায়গা হারাতে পারেন কামরান

বাজে ফর্মের কারণে ছোট ভাই উমর আকমলের কাছে উইকেট রক্ষার দায়িত্ব হারাতে পারেন কামরান আকমল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজে ফর্মের কারণে ছোট ভাই উমর আকমলের কাছে উইকেট রক্ষার দায়িত্ব হারাতে পারেন কামরান আকমল। চার বছর ধরে দলের নিয়মিত উইকেটরক্ষক কামরানের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি। আফ্রিদি বলেন, "এটা (উইকেটের পেছনে উমরের দাঁড়ানো) একটা সম্ভাব্য বিকল্প, পরের খেলায় হয়তো এটা হতে পারে।" তবে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে কামরানকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে নাকি বাদ দেয়া সে ব্যাপারটি পরিস্কার করেন নি আফ্রিদি। "এখানো পাঁচ দিন সময় রয়েছে। দলের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নেয়া হবে।" তবে অধিনায়ক হিসেবে দাঁড়িয়েছেন কামরানের পাশেই। বলেছেন, "ও অনুশীলনে কঠোর পরিশ্রম করছে। তবে ভাগ্য ওর সঙ্গে নেই। নিউজিল্যান্ডে বিপক্ষে ভালো না করার ব্যাপারটা ও নিজেই বুঝেছে।" নিউজিল্যন্ডের বিপক্ষে সব মিলিয়ে তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেন কামরান। এর দুটি আবার রস টেলরের। ০ ও ৪ রানে দুবার কামরানের হাতে জীবন পাওয়া টেলরের শতরানের সুবাদে ১১০ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া খেলাতেও দুটি স্ট্যাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন কামরান। চার খেলায় তার 'ডিসমিসাল' কেবল তিনটি। ব্যাটসম্যান হিসেবেও গড় ৩০ এর নিচে। কামরান পাকিস্তান দলের একমাত্র 'স্পেশালিস্ট' উইকেটরক্ষক। তবে উমরেরও উইকেটের পেছনে দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে। গত নভেম্বরে জুলকারনাইন হায়দার নাটকীয়ভাবে লন্ডন চলে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ খেলায় উইকেট আগলানোর দায়িত্ব পালন করেন তিনি। পরে নিউজিল্যান্ডেও ৩টি টি-২০ তে উইকেটরক্ষক ছিলেন উমর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩৫