২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল-সবুজ চট্টগ্রাম

বিশ্বকাপের খেলা চট্টগ্রামের মাঠে গড়াতে বাকি মাত্র একদিন। সিএনজি অটোরিকশা, লাইট পোস্ট, দোকানের শাটার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের খেলা চট্টগ্রামের মাঠে গড়াতে বাকি মাত্র একদিন। চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ইতোমধ্যে নগরীর সৌন্দর্য্য বর্ধনের কাজ শেষ করেছে। জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লাল-সবুজ নগরী বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে লাল-সবুজে সেজেছে বন্দরনগরী। প্রধান সড়কগুলোর পাশে বিদ্যুতের খুটিগুলো লাল-সবুজে রাঙানো। নগরীতে চলাচলকারী প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশার সবগুলোতেই সবুজের মাঝে আঁকা হয়েছে লাল বৃত্ত। বিমানবন্দর আর নিমতলা থেকে সাগরিকা পর্যন্ত সব সড়কের পাশে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের শাটার, এমনিক দেয়ালেও দেখা যাচ্ছে জাতীয় পতাকা। সিসিসি নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো সাজিয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৪টি দেশের পতাকা দিয়ে। কর্মকর্তা বলছেন, প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের ফলেই নগরীকে এভাবে সাজানো সম্ভব হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীতে চলাচলকারী বাস, হিউম্যান হলার, অটোরিকশাসহ সব গাড়িতে রং করানোর বিষয়ে সরকারি নির্দেশনা ছিল। তবে সেটা যে জাতীয় পতাকার আঙ্গিকে হতে হবে- তা বলে দেওয়া হয়নি। তারপরও নগরীতে চলাচলকারী প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশার অধিকাংশই সবুজের মাঝে ছোটো ছোটো লাল বৃত্তে সেজেছে। অটোরিকশা চালক ও মালিকরাই এমন উদ্যোগ নিয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। সিসিসির সচিব শামসুদ্দোহা জানান, করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর প্রায় এক হাজার দুইশ বৈদ্যুতিক খুঁটি লাল-সবুজে রাঙানো হয়েছে। বাকিগুলোর কাজ পিডিবি করেছে। নিমতলা দিয়ারপাড়া এলাকার ব্যবসায়ী আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, "নিজের শহরে বিশ্বকাপ। আমাদের তো কিছু দায়িত্ব আছে। তাই নিজের দোকানে আমি লাল আর সবুজ রং লাগিয়েছি।" টাইগার পাসে বাঘ, মোড়ে মোড়ে ফোয়ারা 'কথিত আছে, এক সময় সিআরবি পাহাড় থেকে বাঘ এ মোড় হয়ে বাটালি পাহাড়ে যেতো। তাই এ মোড়ের নাম হয়েছে টাইগার পাস মোড়।'