ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের উপরের সারির ব্যাটিংয়ে কিছু সমস্যা রয়েছে বলে মনে করছেন অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেন, মঙ্গলবার এই সমস্যাকেই কাজে লাগানোর চেষ্টা করতে পারে নিউজিল্যান্ড।
আফ্রিদির দল কেনিয়া, শ্রীলঙ্কা ও কানাডার বিপক্ষে জিতেছে ঠিকই, তবে উপরের সারির ব্যাটিংয়ে হোঁচট খাওয়ার আগে নয়।
নিউজিল্যান্ডের একটি ওয়েবসাইটে আফ্রিদি বলেন, "শট খেলার জন্য আমাদের বল নির্বাচন সঠিক ছিল না। পরের খেলায় এই ভুল শুধরে নিতে হবে বলে আমি মনে করছি।"
"আমি নিজে ও কোচ ওয়াকার ইউনুস অবশ্যই এ ব্যাপারে ব্যাটসম্যানদের সঙ্গে কথা বলবো, যাতে এমন ভুল আর না ঘটে,"বলেন তিনি।
পাকিস্তান অধিনায়ক বলেন, "আমাদের বড় কয়েকটি জুটি গড়ে তোলা দরকার, যা আমরা পারিনি।" কোচও এমনটা মনে করছেন বলে জানিয়ে তিনি বলেন, "বড় জুটি গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ।"
বিশ্বকাপে এ পর্যন্ত তিনটি খেলার দু'টিতেই জিতেছে নিউজিল্যান্ড। তবে এই দু'টি জয় এসেছে কেনিয়া ও জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৫৫ ঘ.
bdnews24