২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে পাকিস্তান

বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে মাঠে নামছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে মাঠে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হবে। বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম খেলায় কেনিয়াকে হারায় ২০৫ রানে। পরের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জেতে ১১ রানে। তৃতীয় খেলায় কানাডাকে হারায় ৪৬ রানে। নিউজিল্যান্ড নিজেদের প্রথম খেলায় কেনিয়ার বিপক্ষে জেতে ১০ উইকেটে। পরের খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারে ৭ উইকেটে। তৃতীয় খেলায় জিম্বাবুয়েকে হারায় ১০ উইকেটে। এর আগে মোট ৮৮ বার খেলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৫১ বার জিতেছে পাকিস্তান। নিউজিল্যান্ড জিতেছে ৩৪ বার। ১টি খেলা টাই হয়। পরিত্যক্ত হয় ২টি। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজে স্বাগতিকদের ৩-২ খেলায় হারায় পাকিস্তান। বিশ্বকাপ দল ঘোষণার পরও অধিনায়ক কে হবেন, তা নিয়ে বিতর্ক থাকলেও দায়িত্ব পাওয়ার পর দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন শহিদ আফ্রিদি। ৩ খেলায় ১৪ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে আছেন তিনি। আব্দুর রেহমান ও মোহাম্মদ হাফিজ ভালো বল করছেন। প্রয়োজনে সাঈদ আজমলকেও তৃতীয় স্পিনার হিসেবে ব্যবহার করতে পারেন আফ্রিদি। শোয়েব আখতার, উমর গুল, আব্দুল রাজ্জাক শুরুতে উইকেট নিয়ে স্পিনারদের কাজটা অনেক সহজ করে দিয়েছেন আগের তিন খেলায়। এবারও চেষ্টার কসুর করবেন না তারা নিঃসন্দেহে। শুধু নতুন বলেই নয়, পুরনো বলেও তারা প্রায় সমান কার্যকর। উদ্বোধনী জুটি উল্লেখ করার মতো কিছু করতে না পারলেও অন্য ব্যাটসম্যানরা ছন্দেই আছেন। দুই আকমল ভাই কামরান ও উমর, মিসবাহ-উল-হক, ইউনুস খান রানের মধ্যে আছেন। ব্যাটসম্যানরা রান পাওয়ায় বোলারদের জন্য কাজ অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। এছাড়া নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানোর পর উপমহাদেশের উইকেটে এগিয়ে আছে পাকিস্তানই। আফ্রিদি ও রাজ্জাক দলে থাকায় পাকিস্তানের ব্যাটিং ও বোলিংয়ের গভীরতা অনেক বেড়েছে। এ কারণে চাইলে বাড়তি ব্যাটসম্যান কিংবা বোলার নিয়ে নামতে পারে দলটি। অন্যদিকে উপমহাদেশে কঠিন সময় পার করছে নিউজিল্যান্ড। কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেটে জিতলেও ড্যানিয়েল ভেট্টরির দলের আত্মবিশ্বাস নিঃসন্দেহে কিছুটা বেড়েছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে কি করতে পারবে সে ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও ব্রেন্ডন ম্যাককালাম নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। মার্টিন গুপটিল দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলেছেন। কিন্তু জেসি রাইডার, স্কট স্টাইরিস ও রস টেলর নিজেদের মেলে ধরতে পারেননি। বিশ্বকাপে স্টাইরিসের 'রেকর্ড' কিন্তু দারুণ। কিন্তু এখনো তিনি তার রেকর্ডের ধারে-কাছে পৌঁছাতে পারেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অভিজ্ঞতা টেলর ও রাইডারের কাজে লাগতে পারে। পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে ফেলার সামর্থ্য আছে ভেট্টোরি ও নাথান ম্যাককালামের। হ্যামিশ বেনেট, কাইল মিলস, টিম সাউদি উপমহাদেশের উইকেটেও আগুন ঝরাতে পারেন। তবে দেশের মাটিতে খেলার সুযোগ না পেলেও শ্রীলঙ্কাতেও দেশের মাটির মতো উইকেটে খেলার সুবিধা পাবে পাকিস্তানই। বিডিনিউজ টোয়েন্েিটেফার ডটকম/এএনএম/টিআর/১৮৫৬ ঘ.