ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড- প্রায় সমশক্তির এ দুই দলের লড়াইয়ে কে জিতবে, তা বলা মুশকিল। খেলাটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমার বিশ্বাস। তবে আমি কিছুটা এগিয়ে রাখবো দক্ষিণ আফ্রিকাকে।
গত কয়েকটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা দারুণ খেলেছে। তাদের খেলা দেখে মনে হচ্ছে, তারা চাপমুক্ত ক্রিকেট খেলছে।
এবি ডি ভিলিয়ার্স দুটি শতক হাঁকিয়ে দারুণ ফর্মে। একটি শতরান করেছেন হাশিম আমলাও। শুধু এ দু'জনেই নয়, তাদের প্রায় সব ব্যাটসম্যানই ফর্মে আছেন।
তাদের বোলিং লাইনও অসাধারণ। ডেল স্টেইন ও ইমরান তাহির অসাধারণ খেলে যাচ্ছেন। ইমরান তাহির তো হালের ক্রেজ। এ উপমহাদেশের উইকেটের জন্য খুবই কার্যকরি বোলার ইমরান।
একটা গোছালো দল বলতে যা বোঝায়, তা দক্ষিণ আফ্রিকার খেলা দেখলেই বলে দেয়ওা যায়। আমার বাজি তাদেরই পক্ষে।
তবে ইংল্যান্ডের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে টাই ও আয়ারল্যান্ডের অঘটনের শিকার হয়ে অনেকটাই ব্যকফুটে তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে সব বিভাগেই অসাধারণ খেলতে হবে। তাদের ভালো খেলার যোগ্যতা আছেও। শেষ দুটি ম্যাচে তারা জিততে না পারলেও রান করেছে ৬৬৫। তাতে প্রমাণ দেয়, ভালো কিছু করার ক্ষমতা তাদেরও আছে।
তাই ম্যাচটি যেই জিতুক, অনায়াসে জিতবে না বলে আমার বিশ্বাস।
ভারত ও আয়ারল্যান্ড ম্যাচ
আয়ারল্যান্ড শেষ খেলায় ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে সত্য; ভারতের বিপক্ষে তেমন কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।
যোগ্যতার কথা বিবেচনা করলে দেখা যাবে ভারত কতটা এগিয়ে। প্রতিটি বিভাগেই তাদের শক্তিমত্তা ঈর্ষা করার মতো। তার চেয়েও বড় কথা, ভারত খুবই সতর্ক থাকবে এ খেলায়। আগের খেলায় ইংল্যান্ডের সঙ্গে টাই করে এমনিতেই সাবধানী তারা।
ভারতের স্পিন অ্যাটাক খুবই শক্তিশালী। এ ম্যাচে তারা একজন স্পিনার বেশি খেলাতে পারে। কারণ তাদের সবার ব্যাটিং বিভাগ খুবই শক্তিশালী। তাই একজন স্পেশাল ব্যাটসম্যান কমও খেলালেও খুব একটা সমস্যা হবে না।
আয়ারল্যান্ড স্পিনে খুবই দুর্বল। ভারত স্পিন আক্রমণ দিয়েই কাবু করে ফেলবে তাদের। তাই আমার ধারণা, ভারত তেমন সুযোগই দেবে না আয়ারল্যান্ডকে।
ভারতের জয়ে ফেরাটা এখন খুবই গুরুত্বপূর্ণ। আমার ধারণা, তারা জিতবেও সহজেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯৫৫ ঘ.
bdnews24