ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের লজ্জার হারের পর স্বাভাবিকভাবেই হতাশ গ্যালরির দর্শকরা। তবে পরের খেলাগুলোয় জিতে প্রতিযোগিতায় ফিরে আসুক, এমন প্রত্যাশাই করছেন তারা।
বোনকে সঙ্গে নিয়ে খেলা দেখতে মাঠে আসেন চিকিৎসক ইয়াসমিন লোপা। তিনি বলেন, "আজকের খেলা নিঃসন্দেহে হতাশার। তবে পরের খেলাগুলোতে ভালো খেলে প্রতিযোগিতায় ফিরে আসার চেষ্টা করতে হবে।"
তবে ক্ষুব্ধ শিফা নামের এক মেয়ে। তিনি বলেন, "নিজেদের মাঠে এভাবে হারা মেনে নেয়া যায় না। আমি খুবই কষ্ট পেয়েছি। ভেবেছিলাম অন্তত ১০০ রান করবে। তাও পারলো না।"
এক বছরের ছেলে ও স্ত্রীকে নিয়ে খেলা দেখতে মাঠে আসেন মাহবুব নামের এক দর্শক। তিনি বলেন, "কিছুই বলার নেই। বাংলাদেশ এমন খেলবে ভাবিনি। আশা করি পরের খেলাগুলোয় ভালো করবে।"
একের পর এক বাংলাদেশের উইকেট হারানো দেখে মাঠ ছাড়তে শুরু করেন দর্শকরা। আর ৫৮ রানে গুটিয়ে যাওয়ার পর কানায় কানায় পুর্ণ গ্যালারির অর্ধেকেরও বেশি খালি হয়ে যায়। বাকি যে দর্শক ছিলেন তারাও দিতে থাকেন দুয়ো ধ্বনি। এক পর্যায়ে বাংলাদেশের বদলে ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করতে থাকেন তারা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের চার হাঁকানো দেখে হাততালি দিতে দেখা যায় তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩৩ ঘ.
bdnews24